চট্টগ্রামের পটিয়া থানার মোড় এলাকায় অবস্থিত আল মদিনা হোটেলের পেছনে সরকারি খাসজমিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দখল করা জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, পটিয়া থানার মোড় এলাকায় আল মদিনা হোটেলের পেছনে প্রায় ১৩ গন্ডা সরকারি সম্পত্তি রয়েছে। এর মধ্যে কিছু অংশ বেদখল হয়ে গেছে। ঈদের ছুটির সুযোগ নিয়ে হোটেল মালিকপক্ষ জোরপূর্বক নতুন স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় এক কোটি টাকা সমমূল্যের দুই গন্ডা (৪ শতক) সরকারি খাসজমি উদ্ধার এবং অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, ঈদের বন্ধের সুযোগকে কাজে লাগিয়ে আল মদিনা হোটেলের মালিকপক্ষ রাতারাতি লোকবল নিয়োগ করে সরকারি জমি দখলের উদ্দেশ্যে স্থাপনা নির্মাণ করে। বিষয়টি জানতে পেরে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা অপসারণ এবং জরিমানা আদায় করে।