বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র (হরিণ প্রতীক) প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদেশি একটি মোবাইল ফোন নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন।
এ ঘটনায় আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে কাজী খায়রুজ্জামান শিপন উল্লেখ করেন, আজ বেলা ১১টা ৫ মিনিটে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল করে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে ওই নম্বরে কল দিলে গালাগালিসহ আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাঁকে একাধিকবার হুমকি দিয়েছেন বলে তিনি জানান।
শিপন বলেন, এসব হুমকির কারণে তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় জিডি করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন হুমকির অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্তের অনুমতির জন্য বিষয়টি আদালতে পাঠানো হবে। আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।