হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে ভাঙারি দোকান থেকে মাদ্রাসার ৮ হাজার বই জব্দ

শেরপুর প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার একটি ভাঙারির দোকান থেকে আজ রোববার মাদ্রাসার সরকারি বই জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

শেরপুর সদর উপজেলায় একটি ভাঙারির দোকান থেকে মাদ্রাসার ৮ হাজার সরকারি বই জব্দ করা হয়েছে। আজ রোববার (১ মার্চ) সন্ধ্যায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলা শহরের নওহাটা এলাকায় মেসার্স রোকেয়া আয়রন স্টোর থেকে এসব বই জব্দ করা হয়।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক বই উদ্ধারের পর দোকানটি বন্ধের নির্দেশ দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, শহরের নওহাটা এলাকায় আব্দুর রহিম অপুর মালিকানাধীন রোকেয়া আয়রন স্টোরে দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হতো। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা স্থানীয় গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের জানায়। পরে সন্ধ্যায় ওই দোকানে অভিযান চালিয়ে এক ভ্যান গাড়ি ভর্তি ২০২৫ সালের মাদ্রাসার নতুন বই জব্দ করে উপজেলা প্রশাসন ও পুলিশ। এ সময় দোকানের গুদামে আরও বইয়ের সন্ধান পাওয়া যায়। একপর্যায়ে পরিস্থিতি টের পেয়ে দোকানের মালিক ও কর্মচারীরা সটকে পড়েন।

দোকানের ভ্যানগাড়ির চালক তজি মিয়া বলেন, ‘আমি এই গোডাউনের ভ্যানগাড়ি চালাই। মালিক বইগুলো আনতে বলেছিলেন। বইগুলো সরকারি কি-না, তা আমি জানি না।’

স্থানীয় বাসিন্দা সিদ্দিক আহমেদ বলেন, গত বছর বইয়ের সংকটের কারণে শিক্ষার্থীদের ৩-৪টি করে বই দেওয়া হয়েছিল। অথচ এরাই নতুন বই লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করেছে।

শেরপুর সদর উপজেলার একটি ভাঙারির দোকান থেকে আজ রোববার মাদ্রাসার সরকারি বই জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানগাড়িসহ নতুন বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আর ইউএনও গোডাউন সিলগালা করার নির্দেশ দিয়েছেন। দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্যানগাড়িতে থাকা বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বইগুলো সদর উপজেলার কোন মাদ্রাসার হতে পারে। ঘটনাটি তদন্তে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম: খাল খননের মাটি যাচ্ছে ইটভাটায়

সুন্দরবনের গোলপাতা ও কাঁকড়া: আহরণের আগে ‘শারণ’

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

ময়মনসিংহ: শিক্ষা-সংস্কৃতির নগরী এখন ছিনতাইয়ের

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

আদালত চলাকালে জামিননামা গ্রহণে ঘুষ নেয় পুলিশ, তদন্তে কমিটি গঠন

সুন্দরবনে জেলেদের ওপর হামলা ও জাল লুটের অভিযোগ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

কলকাতায় পলাতক টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ হস্তান্তর