প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মো. আব্দুস সালামকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
আব্দুস সালামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
১৬ মার্চ তাঁকে আদালতে হাজির করে শেরেবাংলা নগর থানা-পুলিশ। পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপর দিকে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত ওই দিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য ২৪ মার্চ দিন ধার্য করেন।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই রফিকুল ইসলাম আজ চার দিন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে নিয়োগ-বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতেন।
মো. আব্দুস সালামের অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা সদস্যদের একটি দল আগারগাঁও পানির ট্যাংকি এলাকা থেকে ১৫ মার্চ তাঁকে গ্রেপ্তার করে। এরপর একই দিন তাঁর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানার একটি মামলা করা হয়।