হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট

বন্দর সচল বললেন চেয়ারম্যান, বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান দাবি করেছেন, শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং বন্দর সচল আছে। তবে শিপিং এজেন্ট, কাস্টমস এজেন্ট, বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিংয়ে অপারেটররা বলছেন, বন্দরের টার্মিনালগুলোয় জাহাজ থেকে কনটেইনার ওঠানামা, পণ্য ডেলিভারিসহ সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রয়েছে। এমনকি বহির্নোঙরে থাকা কার্গো জাহাজগুলো থেকে পণ্য আনলোডিং আজ সকাল থেকে বন্ধ রয়েছে।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বন্দর ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বন্দর চেয়ারম্যান বলেন, সকালে শ্রমিকদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের প্রায় দুই ঘণ্টা মিটিং হয়েছে। এরপর শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। কেউ যদি তাঁদের কাজে বাধা দেয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, বন্দর সচল আছে এবং সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে।

এনসিটি চুক্তির বিষয়ে এস এম মনিরুজ্জামান বলেন, ক্রমবর্ধমান চাহিদা ও আন্তর্জাতিক বন্দরগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং বন্দরের সক্ষমতা বাড়াতে টার্মিনালটি বিদেশি দক্ষ অপারেটরের কাছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির নেগোসিয়েশন শেষ হলে বিষয়টি কেবিনেটে যাবে। কেবিনেট অনুমোদন দিলে চুক্তি করা হবে।

দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করা হবে না বলে আশ্বস্ত করে বন্দর চেয়ারম্যান বলেন, চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। তার আগেই চুক্তির বিষয়ে অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তাঁকে অপসারণ করার খবরের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘আমি কিছুক্ষণ আগে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে দুই ঘণ্টা মিটিং করে আসলাম। অপসারণ করা হলে আমার তো এখানে থাকার কথা না।’

কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক রোকনুদ্দিন মাহমুদ বলেন, ‘বন্দরে আমাদের জানামতে কোনো কাজ হচ্ছে না। এতে আমদানিকারক ও রপ্তানিকারকেরা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই ধর্মঘটের জন্য আমদানিকারকদের যে পোর্ট রেন্ট আসবে, তা মওকুফ করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’

শিপ হ্যান্ডলিং ও বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সরওয়ার হোসেন সাগর বলেন, বহির্নোঙরে থাকা ৮০টির মতো মাদার ভেসেলে পণ্য খালাস সকাল থেকে বন্ধ রয়েছে। ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি জাহাজে শেষ মুহূর্তের কাজ চলছে।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ডিপোগুলো থেকে কোনো রপ্তানি পণ্য বন্দরে যাচ্ছে না। বন্দর থেকে কোনো আমদানি পণ্য ডিপোতে আসছে না। ডিপোগুলোতে ১৩ হাজার ৪৮৩ টিইইউস কনটেইনার আটকে আছে। আজকে আরও ১ হাজার ৪০০ টিইইউস কনটেইনার ঢুকবে ডিপোগুলোতে।

বন্দরের তথ্যমতে, ৪১ হাজারের বেশি কনটেইনার আটকে রয়েছে টার্মিনাল ইয়ার্ডগুলোয়।

সিলেটের এয়ারপোর্ট থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছে বিএনপি

ভোলার দুর্গম এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে: নৌবাহিনীর প্রধান

কক্সবাজারে আশ্রয়শিবিরের বাইরে বাস করা ৬২২ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত

জামায়াতের নারী কর্মীকে হেনস্তা, ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা

আমির হামজাকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি প্রার্থী

ইসলামি একটি দল গোপনে দিল্লি-ওয়াশিংটনের সঙ্গে বৈঠক করেছে: চরমোনাই পীর

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজের স্থান হবে না: আন্দালিব রহমান পার্থ

আ.লীগের চেয়ে বিএনপি এক বছরে বেশি চাঁদাবাজি করেছে: রফিকুল

ধর্ষণের অভিযোগে মামলা, আত্মসমর্পণের পর ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েলের জামিন

স্বামী-ছেলেসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা