হোম > সারা দেশ > বরিশাল

আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করেছে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে নিজ চেম্বার থেকে তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুরকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার আদালত বর্জনের একপর্যায়ে বিকেলে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে ঢুকে এজলাস ভাঙচুর করেন কিছু বিএনপিপন্থী আইনজীবী। আদালতের ভিডিও ফুটেজে আইনজীবী সমিতির সভাপতি লিংকনকেও দেখা গেছে।

জানা গেছে, ওই ঘটনায় লিংকনকে আটকের পর একই আদালতের বিচারক এস এম শরিয়তুল্লাহ তাঁকে তাৎক্ষণিক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ আইনজীবী লিংকনকে আদালতের গারদখানায় রাখলে সেখানে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করতে থাকেন। বর্তমানে আদালত চত্বরে বিপুলসংখ্যক সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্য অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় বাগ্‌বিতণ্ডা হতে দেখা গেছে আইনজীবীদের।

বিএনপিপন্থী আইনজীবী নেতাকে গ্রেপ্তারের পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার। ছবি: আজকের পত্রিকা

আদালতে বিক্ষোভরত বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। এই ঘটনায় আইনজীবীরা মঙ্গলবার থেকে আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করেন। এর ধারাবাহিকতায় আজ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

হাফিজ আহমেদ আরও বলেন, ‘অবিলম্বে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণের দাবি জানাই।’ যতক্ষণ পর্যন্ত তাঁকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাঁদের বর্জন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বর্তমানে পরিস্থিতি শান্ত আছে জানিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন উল ইসলাম বলেন, আইনজীবী নেতাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

রায়েরবাজারে রাস্তায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

পাথরঘাটায় ট্রলারের ইঞ্জিন চুরি করে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নির্বাচনী সহিংসতা: পুরুষশূন্য ঝিনাইদহের দুই গ্রাম

হেলে পড়া পাঁচতলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

নির্মাণাধীন ভবনে শিশুর মৃত্যুর ঘটনায় হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ

চাঁদপুরে টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

শরীয়তপুরে প্রধান শিক্ষক রতনের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি

কক্সবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, সংবাদকর্মী নিহত