হোম > সারা দেশ > ঢাকা

‘৫০ ফুট চওড়া সড়কের ৩০ ফুটই অবৈধ দখলে’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বুধবার সকালে নয়া পল্টন মোড় থেকে ফকিরাপুল সড়ক ও ফুটপাত উচ্ছেদ অভিযান চালায় ডিএমপি। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর নাইটিঙ্গেল (নয়া পল্টন) মোড় থেকে ফকিরাপুল সড়কটি ৫০ ফুট চওড়া। কিন্তু এই সড়কের ৩০ ফুট অংশেই অবৈধভাবে বসানো হয়েছিল অসংখ্য দোকানপাট। ব্যস্ত এলাকারটির ফুটপাত ও সড়ক দখলমুক্তের পর এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান।

ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান নেতৃত্বে আজ বুধবার সকালে নয়া পল্টন মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে উচ্ছেদ অভিযানটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রায় ৪৫ থেকে ৫০ ফুট চওড়া রাস্তার ৩০ ফুট অংশই অবৈধ দখলে ছিল। সেই ৩০ ফুট জায়গা দখলমুক্ত করা হয়েছে। মতিঝিল বিভাগে প্রতি মাসে প্রায় ১৫ থেকে ২০টি অভিযান চালানো হয়।

ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান আরও বলেন, ট্রাফিক বিভাগ, ক্রাইম বিভাগ এবং মার্কেট মালিক সমিতির স্বেচ্ছাসেবকেরা মিলে রাস্তা পরিষ্কার ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে নিয়মিত মনিটরিং ও সহায়তা করবে। পাশাপাশি নাগরিকদের সচেতন করার জন্য মিডিয়ার মাধ্যমে প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে আজ থেকে রোববার পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হবে।

সকালে সরেজমিনে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলে গিয়ে দেখা যায়, এই এলাকায় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে অংশ নেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, মতিঝিল জোনের ডিসি (ট্রাফিক) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীসহ পুলিশ সদস্যরা।

সকাল সাড়ে ১০ থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলা এই অভিযানে ফুটপাত অবৈধভাবে দখলের অপরাধে মোট ১৩টি মামলায় ৩৫ হাজার তিন শ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেশ কয়েকজন দোকানিকে সতর্ক করা হয়েছে।

আজ বুধবার সকালে নয়া পল্টন মোড় থেকে ফকিরাপুল সড়ক ও ফুটপাত উচ্ছেদ অভিযান চালায় ডিএমপি। ছবি: আজকের পত্রিকা

মতিঝিল জোনের ডিসি (ট্রাফিক) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের স্থায়ী দোকান থাকা সত্ত্বেও হকারদের ভাড়া দিয়ে রাস্তায় বসিয়ে দেয়। মানুষের মধ্যে আইন ভাঙার প্রবণতা থাকায় এবং মনমানসিকতা পরিবর্তন না হওয়ায় বারবার উচ্ছেদের পরও তারা ফিরে আসে। আমরা অবৈধ দোকানপাট উচ্ছেদে মনিটরিং করব। অভিযানও অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেন, হকারদের মানবিক দিক বিবেচনা করে এবং সরকারের আয় বৃদ্ধির লক্ষ্যে মতিঝিল এলাকায় অফিস টাইমের পর ‘নাইট মার্কেট’ এবং শুক্র-শনিবার ছুটির দিনে ‘হলিডে মার্কেট’ চালুর পরিকল্পনা করা হচ্ছে।

অভিযানের সময় ফকিরাপুলের ফল ব্যবসায়ী মো. শিপন আজকের পত্রিকাকে বলেন, আমাকে তিন হাজার টাকা জরিমানা করেছে। গরিব মানুষ ব্যবসা করে খাই। পেট তো চালাতে হবে। ধনীরা ঠিকই আছে, শুধু আমাদের বেলায় অসুবিধা। সরকার আমাদের একটা জায়গা খুঁজে দিক, আমরা সেখানে ব্যবসা করব।

এই এলাকার ফুলের দোকানদার মো. শাহিন আজকের পত্রিকাকে বলেন, গরিবের কষ্ট শেষ হবে না।

অভিযানের বিষয়ে গত ২৩ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় জানিয়ে ডিএমপির ট্রাফিক মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ওমর ফারুক বলেন, ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীতে অনেক রেস্তোরাঁ, ওয়ার্কশপ, দোকান ফুটপাত ও সড়কে কার্যক্রম বাড়িয়েছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। ওয়ার্কশপগুলো সড়কের অংশ দখল করে গাড়ি মেরামত করায় নিরাপত্তা ঝুঁকি ও কৃত্রিম যানজট সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি নিরসনেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

মানিকগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পুলিশের সোর্স হত্যা: শীর্ষ মাদক কারবারি ‘ডাইল করিম’সহ ৯ জনের যাবজ্জীবন

তেল পেতে পাম্পে দীর্ঘ সারি—ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ

পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু

মশা নিধনে উন্নত ওষুধ কেনার নির্দেশ বিসিসি প্রশাসকের

অফিসের চাহিদা দেখিয়ে ৩০০ লিটার তেল নিতে গিয়ে ধরা ফায়ার সার্ভিসের ৪ কর্মী

প্লাস্টিকের বোতলে তেল নিতে পাম্পে ভিড়

উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলদারদের সতর্ক করল পুলিশ-ম্যাজিস্ট্রেট

যাত্রাবাড়ীতে সড়ক দখলমুক্ত করতে কয়েক শ হকার উচ্ছেদ‎