হোম > সারা দেশ > বাগেরহাট

চাঁদা না পেয়ে মাদ্রাসা ভবনের কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের গুলিশাখালী ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণকাজ বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদার দাবিতে একটি মাদ্রাসার ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার চার তলাবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী।

ভবনের নির্মাণকাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে সাত-আটজন লোক কাজে বাধা দেন। তাঁরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় গত সোমবার দুপুরে হাফিজুর রহমান ও তাঁর লোকজন ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন। এ সময় ঠিকাদারের লোকজন ও মাদ্রাসা কর্তৃপক্ষকে গালিগালাজ ও হুমকি-ধমকি দেওয়া হয়। প্রতিবাদ করলে বা কোথাও কোনো অভিযোগ বা মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান অভিযুক্ত ব্যক্তিরা।

ঠিকাদার বদিউজ্জামান বলেন, ‘দরপত্রের সব নিয়ম মেনে আমরা কাজ করছিলাম। কিন্তু হাফিজুর রহমান ও তাঁর লোকজন চাঁদা দাবি করেন। তা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা কাজ বন্ধ করে দেন। আমাদের লোকজনকে হুমকি-ধমকিও দিয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।’

অভিযুক্ত ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘ইউনিয়ন বিএনপির সহসভাপতির ছেলে ইস্রাফিলও আমাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে চেয়েছেন, আমি নিইনি। স্বচ্ছভাবে কাজ হচ্ছে না। অনিয়মের কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, ‘প্রতিষ্ঠানের কাজ নিয়ম অনুযায়ী হচ্ছে। কাজ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। তবে শুনেছি স্থানীয় কিছু লোকজন চাঁদা চাওয়ার কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছেন।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকায় গুলিশাখালী ফাজিল মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজ চলতি বছরের নভেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

ম্যাজিস্ট্রেট চলে যেতেই রাস্তার দুই পাশ হকারদের দখলে

চাঁদা না দিলে আপত্তিকর ছবি তুলে ভাইরালের হুমকি, গ্রেপ্তার ৭

দায়িত্ব গ্রহণের পরপরই মশকনিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

রাজধানীর ডেমরা থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রী কুমিল্লায় উদ্ধার

রাজধানীর ভাটারায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাউজানে ফলের দোকানের ভেতর যুবদল কর্মীকে গুলি করে হত্যা

অমর একুশের মেলায় বইয়ের বিনিময়ে বই

নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাখাওয়াত হোসেন খান

প্রেমের সম্পর্কে টানাপোড়েন, দেবরের পর ভাবির লাশ উদ্ধার

জিলাপিতে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা