নওগাঁর বদলগাছী উপজেলায় একটি পটোলখেত থেকে ৩২৫টি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনছার চৌধুরীর জমিতে পটোলের খেতে বাঁশের খুঁটি বসাতে গিয়ে বর্গাচাষি জইদুল ইসলাম (৪২) মাটির প্রায় এক ফুট নিচে শক্ত কিছু অনুভব করেন। তিনি কোদাল দিয়ে মাটি খুঁড়ে দেখেন, সেখানে একটি ভাঙা কাঠের বাক্স রয়েছে। বাক্সটি খুলতেই ভেতরে পুরোনো গুলি দেখতে পান।
ঘটনাটি জইদুল ইসলাম সঙ্গে সঙ্গে স্থানীয় সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানান। পরে খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বদলগাছী থানা-পুলিশকে অবহিত করেন।
বর্গাচাষি জইদুল ইসলাম জানান, তিনি জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করছেন। সকালে বাঁশের খুঁটি বসানোর সময় মাটির নিচে কাঠের বাক্সে থাকা গুলিগুলো দেখতে পান।
বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৩২৫টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। গুলির ধরন ও জরাজীর্ণ অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় গুলিগুলোতে মরিচা ধরেছে।
নজরুল ইসলাম আরও বলেন, উদ্ধার করা গুলিগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।