হোম > সারা দেশ > ঢাকা

বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন শিল্পাঞ্চলের শ্রমিক ও ঘরমুখী যাত্রীরা। আজ সকাল সাড়ে ৯টায় তোলা। ছবি: আজকের পত্রিকা

সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন শিল্পাঞ্চলের শ্রমিক ও ঘরমুখী যাত্রীরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এই অবরোধ শুরু হয়। সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে কর্মসূচি অব্যাহত আছে। ফলে যান চলাচলে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়েছে। তবে চন্দ্রাগামী লেনে যান চলাচল একবারে বন্ধ থাকলেও নবীনগরগামী লেনে কিছুক্ষণ পরপর গাড়ি চলতে দেখা গেছে।

অবরোধকারীরা জানান, সোমবার ছিল পোশাক কারখানার শেষ কর্মদিবস। জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য শ্রমিকেরা কাজ শেষ করে নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন। এই সুযোগে বাসচালক ও হেলপাররা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ও তারও বেশি ভাড়া আদায় করছেন। অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে ন্যায্য ভাড়া কার্যকরের দাবি জানান তাঁরা।

জামালপুরগামী যাত্রী সোবহান বলেন, ‘১৭ বছর পর নির্বাচনের ভোট দেওয়ার সুযোগ এসেছে। আমি জামালপুর যাব। যেখানে আগে ভাড়া ছিল ৩০০ টাকা, সেখানে এখন ১ হাজার টাকা চাওয়া হচ্ছে। এত টাকা ভাড়া দেওয়া অসম্ভব।’

নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন শিল্পাঞ্চলের শ্রমিক ও ঘরমুখী যাত্রীরা। আজ সকাল সাড়ে ৯টায় তোলা। ছবি: আজকের পত্রিকা

পোশাকশ্রমিক মনির বলেন, ‘কারখানা ছুটি হওয়ার পর আমরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছি। কিন্তু বাসে ডাবল ভাড়া চাইছে। রাজশাহীতে যেতে আগে ৫০০ টাকা লাগত, এখন ১ হাজার টাকার বেশি চাওয়া হচ্ছে।’

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, সড়কে যাত্রীর চাপ বেশি থাকায় অনেক মানুষ জমা হয়েছে। তবে অবরোধের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

নেত্রকোনায় চার ভোটকেন্দ্রসহ পাঁচ বিদ্যালয়ে আগুন

ধানের শীষের এক সমর্থক আরেক সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ

ফেসবুকে ‘দাঁড়িপাল্লার জয় হবে’ লেখা পোস্ট, ছাত্রদল নেতাকে বহিষ্কার

ধামইরহাটে ৫৩ ভোটকেন্দ্রের ৩৭টি ঝুঁকিপূর্ণ

জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

ভোটের আগে ঘরমুখী মানুষের ঢল, ট্রেনের ছাদও ভরপুর

ভোট দিতে গ্রামে ফিরছেন পোশাকশ্রমিকেরা, গাজীপুর মহাসড়কে যানজটে ভোগান্তি

রাজশাহীতে ট্রাক-ভটভটি সংঘর্ষ, নিহত ২

ঝালকাঠিতে জামায়াতের নির্বাচনী কার্যালয় ও সমর্থকদের দোকানে অগ্নিসংযোগ

শার্শায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার