হোম > বিশ্লেষণ

রয়টার্সের বিশ্লেষণ

প্রথম নির্বাচনেই হোঁচট খেল তরুণদের দল এনসিপি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

২০২৪ সালের ৫ আগস্ট জেন-জি নেতৃত্বাধীন ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনার পতনের পর গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।

রাজপথে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই দলের প্রার্থীরা ৩০০ আসনের মধ্যে মাত্র ছয়টিতে জয়ী হতে পেরেছেন। অন্যদিকে, ২১২টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এনসিপির অনেক সমর্থক মনে করেন, ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তই দলটিকে মূল প্রতিযোগিতা থেকে কার্যত ছুড়ে ফেলেছে এবং তাঁরা বিশ্বাস ভঙ্গ করেছেন। শুরুর দিকে এনসিপি প্রায় সব আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জোটের অংশ হয়ে তারা মাত্র ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে।

তবে জোটের ব্যাপারে এনসিপি নেতাদের ভাষ্য একটু ভিন্ন। তাঁরা বলেন, জুলাই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নেতা (ওসমান হাদি) নিহত হওয়ার পর বড় দলের সমর্থন ও প্রভাব তাঁদের জন্য জরুরি ছিল এবং এ জন্যই তাঁরা জোটে যান।

কিন্তু বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে দল হিসেবে একটা রাজনৈতিক ভিত্তি ও মানুষের পর্যাপ্ত সমর্থন আদায় করতে পারেনি এনসিপি।

২৩ বছর বয়সী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, ‘২০২৪ সালের অভ্যুত্থানের পর মানুষ যে স্বপ্ন দেখেছিল, এনসিপি তা পূরণ করতে পারেনি। জামায়াতের সঙ্গে জোট আমাদের কাছে বিশ্বাসভঙ্গের মতো লেগেছে। তাই অনেক তরুণ ভোটার তাদের সমর্থন করেনি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির ছয় বিজয়ীর একজন ৩২ বছর বয়সী আইনজীবী আবদুল্লাহ আল আমিন। তিনি বলেন, দলটি আরও বেশি আসন পাওয়ার আশা করেছিল এবং কয়েকটি আসনে অল্প ব্যবধানে হেরেছে।

আল আমিন বলেন, ‘আমরা মাত্র যাত্রা শুরু করেছি। জুলাই আন্দোলনের সময় যখন আমরা রাস্তায় নেমেছিলাম, তখন যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, তা বাস্তবায়নে আমরা দীর্ঘ পথ পাড়ি দিতে চাই।’

আল আমিন দাবি করেন, জামায়াতের সঙ্গে জোট করেই এনসিপি ছয়টি আসন পেয়েছে। জোট না হলে এটা সম্ভব ছিল না।

কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শাকিল আহমেদ মনে করেন, জামায়াতের সঙ্গে জোট তরুণ ভোটারদের একাংশকে এনসিপি থেকে দূরে সরিয়ে দেয়। তিনি বলেন, অনেকে এটিকে পুরোনো রাজনীতিতে ফিরে যাওয়া হিসেবে দেখেছেন, নতুন ধারার সূচনা হিসেবে নয়। এনসিপির এই সিদ্ধান্ত তরুণ ভোটারদের বিভক্ত করেছে এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির ভাবমূর্তি জোরদার করেছে।

তবে এনসিপির লক্ষ্য আগামী বছরের স্থানীয় নির্বাচন। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ জানান, দলটি এখন বিরোধী অবস্থানে থেকে নিজেদের পুনর্গঠন করবে এবং আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে।

গত বছরের ডিসেম্বরে দলের প্রধান নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, দল গঠনের জন্য পর্যাপ্ত সময় তাঁরা পাননি। এ ছাড়া অর্থের সংকট এবং নারী ও সংখ্যালঘু অধিকারসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে স্পষ্ট অবস্থানের অভাবও তাঁদের দুর্বল করেছে।

কিন্তু অধ্যাপক শাকিল আহমেদ সতর্ক করে বলেন, এনসিপি যদি নিজেদের স্বতন্ত্র পরিচয় পুনর্গঠন করতে না পারে এবং এমন জোট থেকে দূরে না সরে, তাহলে তারা গতি হারাবে এবং বড় রাজনৈতিক শক্তির বদলে প্রতীকী প্রতিপক্ষ হিসেবেই রয়ে যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থীদের মধ্যে একজন এনসিপির সাবেক নেতা ৩১ বছর বয়সী চিকিৎসক তাসনিম জারা। গত ডিসেম্বরে জোটের প্রতিবাদে এনসিপি ছাড়েন তিনি এবং ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ৪৪ হাজারের বেশি ভোট পেলেও বড় ব্যবধানে বিএনপি প্রার্থীর কাছে হেরে যান তিনি।

তাসনিম জারা বলেন, ‘আমরা প্রমাণ করেছি যে, পরিচ্ছন্ন ও সৎ প্রচারণার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা সম্ভব। তবে আমাদের সীমাবদ্ধতাও স্পষ্ট হয়েছে। এমন রাজনৈতিক পরিবেশ টিকিয়ে রাখতে হলে শক্তিশালী হতে হবে। সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ রক্ষা করতে হলে ভয়ভীতি মোকাবিলায় সক্ষম সংগঠন গড়ে তুলতে হবে।’

নির্বাচনে নিজের পাওয়া ভোটের কথা উল্লেখ করে জারা বলেন, আশার জায়গা এখনো আছে এবং তিনি আর যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন না। তাসনিম জারা বলেন, ‘আমাদের সেরা দিনগুলো এখনো সামনে।’

বিশ্বমঞ্চ ও দক্ষিণ এশিয়ায় তারেক রহমানের প্রভাব কেমন হবে

‘হ্যাঁ’ জিতল গণভোটে, গণরায়ের ফলে কী কী পরিবর্তন আসবে

সারা বিশ্ব কেন বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে

সরকার বদলানো সহজ, চাকরি পাওয়া কঠিন—বাংলাদেশে জেন-জির হতাশা

এক বয়ামে দুই বিচ্ছু, নিজেদের রাজনৈতিক ফাঁদে ট্রাম্প-নেতানিয়াহু

গণতন্ত্রের গভীরতর সমস্যাকে উন্মুক্ত করেছে বাংলাদেশ

এআইকে প্রশিক্ষণ দিতে ঘণ্টার পর ঘণ্টা পর্নো ও সহিংস ভিডিও দেখতে হচ্ছে ভারতীয় নারীদের

বাংলাদেশের নির্বাচন বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য

স্পেসএক্স–এক্সএআই একীভূতকরণ: রকেট আর এআইকে কেন এক সুতোয় বাঁধছেন মাস্ক

যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুদ্ধে যেভাবে জেতার পরিকল্পনা করছে ইরান