পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের উন্মাদনার এখনো রয়ে গেছে। তবে এবার সেই উন্মাদনা অদ্ভুত ও অবিশ্বাস্য এক রূপ নিয়েছে। বিয়ের মূল ভেন্যুর বাইরে রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া ময়লা-আবর্জনার (যার মধ্যে রয়েছে সিগারেটের টুকরো, প্লাস্টিকের বোতলের ছিপি, ব্যবহৃত স্ট্র, এমনকি একটি ওভুলেশন টেস্ট কিট) একেকটি ২৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার টাকা) দিয়ে কিনে নিচ্ছেন সুইফটের অন্ধ ভক্তরা (সুইফটিজ)।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, নিউইয়র্কের এক শিল্পী এই ময়লাগুলো সংগ্রহ করে ইন্টারনেটে বিক্রির জন্য ছাড়লে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সবগুলো বিক্রি হয়ে গেছে।
জাস্টিন গিগনাক নামের নিউইয়র্কের ওই শিল্পী গত শুক্রবার (৩ জুলাই) টেইলর সুইফটের বিয়ের দিন ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চারপাশের রাস্তা থেকে এই ময়লাগুলো কুড়িয়েছিলেন। সেই রাজকীয় বিয়ের মূল ভেন্যুর বাইরে ভক্ত ও উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ যে সতর্কীকরণ ফিতা ব্যবহার করেছিল, তা থেকে শুরু করে ফেলে দেওয়া প্লাস্টিকের চামচ, কোল্ড ড্রিংকসের স্ট্র, ললিপপের কাঠি এবং রাস্তায় পড়ে থাকা একটি এয়ারপডও (বাম কানের) তিনি সংগ্রহ করেন।
জাস্টিন গিগনাক তাঁর সংগৃহীত প্রতিটি আবর্জনাকে শৈল্পিক ভাষায় একেকটি ‘ভাস্কর্য’ হিসেবে বর্ণনা করেছেন। ময়লাগুলো যাতে গলে না যায় বা তা থেকে যেন কোনো দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য তিনি প্রতিটি জিনিসকে একটি ছোট স্বচ্ছ প্লাস্টিকের কিউব বা বাক্সের ভেতরে বায়ুরোধী করে সিলগালা করে দিয়েছেন।
গত মঙ্গলবার নিজের অফিশিয়াল ওয়েবসাইট ‘নিউইয়র্ক সিটি গার্বেজ’-এ তিনি এগুলো বিক্রির জন্য উন্মুক্ত করার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সব কটি আইটেম বিক্রি হয়ে যায়।
শিল্পী জাস্টিন গিগনাক গণমাধ্যমকে জানিয়েছেন, এ পর্যন্ত তিনি এমন ৫০টি ময়লার বাক্স বিক্রি করে ১ হাজার ২৫০ মার্কিন ডলার (প্রায় দেড় লাখ টাকা) আয় করেছেন এবং ভক্তদের বিপুল চাহিদার কারণে তিনি রাস্তা থেকে কুড়ানো আরও কিছু আবর্জনা বাজারে ছাড়ার পরিকল্পনা করছেন। জাস্টিন বলেন, ‘আমি সব সময়ই নিউইয়র্ক শহরের বড় বড় সাংস্কৃতিক ও ঐতিহাসিক মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে চেয়েছি। টেইলর সুইফটের বিয়ে নিঃসন্দেহে এই সময়ের অন্যতম বড় একটি ঘটনা, তাই আমি সেই বিশেষ মুহূর্তের একটি ছোট্ট টাইম ক্যাপসুল বা স্মৃতিচিহ্ন বন্দী করার চেষ্টা করছি।’