দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে একটি খুলি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ওই যাত্রী এটিকে বানরের খুলি বলে দাবি করেছেন।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত সোমবার ওই যাত্রী দিল্লি থেকে হায়দরাবাদগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমানে ওঠার আগের নির্ধারিত নিরাপত্তা তল্লাশির সময় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সদস্যরা ওই যাত্রীর হ্যান্ডব্যাগে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। এরপর ব্যাগটি ভালোভাবে পরীক্ষা করা হয়।
নিরাপত্তা পরীক্ষার সময় সিআইএসএফ সদস্যরা হ্যান্ডব্যাগের ভেতরে লুকিয়ে রাখা খুলিটি উদ্ধার করেন। সিআইএসএফ কর্মকর্তারা জেরা করলে যাত্রী জানান, উদ্ধার হওয়া খুলিটি একটি বানরের।
পরবর্তীতে ওই যাত্রীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলিটি জব্দ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি যেহেতু বন্যপ্রাণীর সঙ্গে সম্পর্কিত, তাই বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ১৯৭২-এর বিধান অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ওই যাত্রী কোত্থেকে খুলিটি সংগ্রহ করেছেন এবং দিল্লি থেকে হায়দরাবাদে এটি পরিবহন করার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগ যৌথ তদন্ত শুরু করেছে।