হোম > প্রযুক্তি

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ শীর্ষক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং শিল্পের বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটাতে আজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ শীর্ষক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং ও ইন্টারনেট সেবা (আইএসপি) খাতের কাজ, প্রযুক্তি ও পেশাগত দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ভবনে আজ সোমবার বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। সম্মানিত অতিথি ছিলেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া, ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিটিএসপিএবি) সভাপতি আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুৎ, সামিট কমিউনিকেশনস লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শারমিন জামান এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুলতানা ইশরাত জাহান।

অনুষ্ঠানের আয়োজক ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে ওয়ান স্কাই ইনফরমেশন টেকনোলজি (ওএসআইটি), স্কাই ট্র্যাকার এবং প্রগতি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে।