হোম > প্রযুক্তি

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

ফিচার ডেস্ক

ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে ১১ জুন। সেই মাহেন্দ্রক্ষণ সামনে রেখে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ঘরে ঘরে এখন সাজ সাজ রব। তিনটি আয়োজক দেশের ৪৮টি দলের মোট ১০৪টি ম্যাচের এই বিশাল মহাযজ্ঞ এবার উপহার দেবে ফুটবল ইতিহাসের দীর্ঘ রোমাঞ্চ। এই বিপুলসংখ্যক ম্যাচ উপভোগ করার জন্য আপনার বসার ঘরটি সাধারণ হলে তো চলবে না। বসার ঘরটি অসাধারণ করে তুলতে তৈরি করে নিন ঘরোয়া স্টেডিয়াম! এতে ফুটবল ম্যাচের টানটান উত্তেজনা, অতিরিক্ত সময়ের নাটকীয়তা আর বন্ধুদের আড্ডা জমবে ভালো।

সঠিক পরিকল্পনা আর সামান্য কিছু পরিবর্তনের মধ্য দিয়ে আপনার বসার ঘরটি হয়ে উঠবে এবারের বিশ্বকাপের সেরা গ্যালারি!

স্ক্রিন সেটআপ এবং সঠিক কোণ নির্ধারণ

বিশ্বকাপ দেখার মূল আকর্ষণই হলো নিখুঁত ভিজ্যুয়াল। আপনি টেলিভিশন, প্রজেক্টর কিংবা যেকোনো স্মার্ট ডিভাইসেই খেলা দেখুন না কেন, স্ক্রিনটি এমনভাবে স্থাপন করুন, যেন প্রতিটি আসনে বসে খেলা পরিষ্কারভাবে দেখা যায়। দিনের বেলা খেলা দেখার সময় জানালা বা ঘরের লাইটের আলো যেন সরাসরি স্ক্রিনে এসে না পড়ে, তা নিশ্চিত করুন। প্রয়োজনে গাঢ় পর্দা বা লাইট-ফিল্টারিং শেডস ব্যবহার করতে পারেন। স্ক্রিনের সামনে কিংবা আশপাশে কোনো লম্বা আলংকারিক জিনিস বা ল্যাম্প রাখবেন না। ঘরের যাতায়াতের পথটি বসার জায়গার পেছনে বা পাশে রাখুন। টিভির আকারের চেয়ে কিছুটা চওড়া এবং ক্যাবিনেটযুক্ত মিডিয়া স্ট্যান্ড ব্যবহার করলে রাউটার, সেট টপ বক্স এবং রিমোটের তারগুলো লুকিয়ে রাখা যায়।

স্টেডিয়ামের আবহ তৈরি করবে শব্দ

ধারাভাষ্যকারদের কণ্ঠ, গ্যালারির গর্জন আর গোল হওয়ার পর দর্শকদের উল্লাস—সব মিলিয়ে তৈরি হয় মাঠের আবহ। এই আবহ পেতে স্ক্রিনটিকে একটি ভালো সাউন্ডবার বা স্পিকার সিস্টেমের সঙ্গে যুক্ত করুন। সাউন্ডের ভলিউম এমনভাবে সামঞ্জস্য করুন যেন ধারাভাষ্য স্পষ্ট শোনা যায়, আবার স্টেডিয়ামের আবহটাও ঘরের মধ্যে দারুণভাবে অনুভূত হয়।

বসার আরামদায়ক আয়োজন

খেলা দেখার জন্য বসার জায়গাটি আরামদায়ক হওয়া জরুরি। এ জন্য সঠিক আসবাব নির্বাচন করুন। বসার ঘরের প্রধান সোফাটি স্ক্রিনের ঠিক সামনে রাখুন এবং বাড়তি চেয়ারগুলোকে দুই পাশে কিছুটা কোনাকুনি করে দিন। এতে কারও ঘাড় বাঁকাতে হবে না। দীর্ঘ সময় শুয়ে-বসে খেলা দেখার জন্য বা খেলা শেষে বন্ধুদের রাতে থেকে যাওয়ার সুবিধার্থে একটি পাওয়ার সোফা বেড অথবা রিক্লাইনার সোফা দারুণ কাজে দেবে।

গোছানো পরিবেশ ও স্ন্যাকস জোন

টানটান উত্তেজনার মাঝে স্ন্যাকস বা পানীয় নেওয়ার জন্য বারবার টিভির সামনে দিয়ে হাঁটাচলা করলে খেলা দেখার আনন্দ কিছুটা মাটি হয়ে যেতে পারে। ঘরের মাঝে একটি বড় কফি টেবিল রাখার চেয়ে সোফার দুই প্রান্তে ছোট ছোট সাইড টেবিল বা নেস্টিং টেবিল রাখুন। এতে সবাই যাঁর যাঁর আসন থেকে খাবার নিতে এবং ফোন রাখতে পারবেন। রিমোট, টিস্যু এবং বোতল ওপেনারগুলো একটি ছোট ট্রেতে গুছিয়ে রাখুন, যেন গোল উদ্‌যাপনের উত্তেজনায় কোনো কিছু হারিয়ে বা ভেঙে না যায়।

সূত্র: আইওএল

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার

তথ্য পাচার বন্ধ করতে চ্যাটজিপিটির লকডাউন মোড

জেন-জির পছন্দের নতুন সোশ্যাল দুনিয়া

এআই: উন্মাদনা শেষে করপোরেট দুনিয়ায় খরচের হিসাব

কর্মক্ষেত্রে এআই হয়ে উঠছে ‘ডিজিটাল মাইক্রোম্যানেজার’

বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে মেটার ‘এআই বিজনেস’, ব্যবহারে লাগবে ফি

ঢাকায় ২৩ জুন শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট–২০২৬’

এআই খাতে বিনিয়োগ বাড়াতে ৮০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যালফাবেট

আফ্রিকার ঐতিহ্য ‘অমর’ করে রাখতে চান এক নাইজেরিয়ান শিল্পী