হোম > প্রযুক্তি

শিশুদের জন্য নেটফ্লিক্স নিয়ে এল গেমিং অ্যাপ ‘প্লেগ্রাউন্ড’

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

আট বছর ও তার কম বয়সী শিশুদের জন্য ‘নেটফ্লিক্স প্লেগ্রাউন্ড’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। গত সোমবার এই অ্যাপটি চালু হয়। ভিডিও গেমের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে জনপ্রিয় সব শো-এর ওপর ভিত্তি করে তৈরি গেম ও ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতাসম্পন্ন এই অ্যাপটি নিয়ে এসেছে নেটফ্লিক্স।

নেটফ্লিক্সের সব ধরনের সাবস্ক্রিপশনেই এই অ্যাপটি অন্তর্ভুক্ত থাকবে। অ্যাপটিতে থাকা প্রতিটি গেম অফলাইনেও খেলা যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘প্লেটাইম উইথ পেপা পিগ’, ‘ডক্টর সিউস’স হর্টন!’ এবং ‘সিসেমি স্ট্রিট’।

অ্যাপটিতে পাজল, মেমোরি গেম, ছবি রঙ করা এবং সৃজনশীল নানা ধরনের কাজ বা ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি রয়েছে। গেমাররা ‘প্লেটাইম উইথ পেপা পিগ’, এলমো ও কুকি মনস্টারের মতো চরিত্র নিয়ে ‘সিসেমি স্ট্রিট’ মিনি-গেম এবং ‘ডক্টর সিউস’ থিমের অ্যাডভেঞ্চারে অংশ নিতে পারবে।

প্রতিষ্ঠানটির দাবি, এই প্ল্যাটফর্মটি ছোট শিশুদের বিনোদন, শিক্ষা এবং সৃজনশীলতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটি শিশুদের জন্য একটি নিরাপদ ও বিজ্ঞাপনহীন পরিবেশ নিশ্চিত করবে, যেখানে গেমের ভেতরে বাড়তি কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হবে না।

নেটফ্লিক্সের অ্যানিমেশন সিরিজ এবং কিডস অ্যান্ড ফ্যামিলি টিভি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জন ডেরডেরিয়ান বলেন, কোম্পানিটি এমন একটি জায়গা তৈরি করতে চায় যেখানে শিশুরা শুধু কনটেন্ট দেখবে না, বরং সেগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারবে। তিনি আরও বলেন, তাঁদের লক্ষ্য হলো ‘আবিষ্কার, শিক্ষা এবং খেলার জন্য একটি নিরবচ্ছিন্ন গন্তব্য তৈরি করা।’

স্ট্রিমিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, অ্যাপটিতে আগে থেকেই বিদ্যমান ‘প্যারেন্টাল কন্ট্রোল’ বা অভিভাবকদের নিয়ন্ত্রণের সুবিধাগুলো রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের জন্য আলাদা প্রোফাইল তৈরি, বয়স অনুযায়ী কনটেন্ট ফিল্টার, নির্দিষ্ট টাইটেল ব্লক করা এবং ভিউয়িং হিস্ট্রি বা দেখার তালিকা যাচাই করার সুবিধা। এসব টুল ব্যবহার করে অভিভাবকেরা তাঁদের শিশুদের জন্য গেমগুলো পছন্দমতো সাজিয়ে দিতে পারবেন।

‘প্লেগ্রাউন্ড’ অ্যাপের মাধ্যমে নেটফ্লিক্স মূলত ‘অ্যাপল আর্কেড’-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের তুলে ধরছে। অ্যাপলের সেবার মতো নেটফ্লিক্স প্লেগ্রাউন্ডেও কোনো বিজ্ঞাপন বা বাড়তি কেনাকাটার ঝামেলা নেই। তবে অ্যাপল আর্কেড আলাদা গেমিং প্ল্যান অফার করলেও নেটফ্লিক্স তাদের ভিডিও স্ট্রিমিং সাবস্ক্রিপশনের সঙ্গেই এই গেমগুলো যুক্ত রেখেছে।

বিশ্লেষকদের মতে, গেমিং খাতের এই প্রচেষ্টাগুলো নেটফ্লিক্সের ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য এখনো বড় কোনো চালিকাশক্তি হয়ে উঠতে পারেনি। এর একটি প্রধান কারণ হিসেবে তাঁরা মনে করছেন, ওয়ার্নার ব্রোস ডিসকভারির মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় নেটফ্লিক্সের নিজস্ব জনপ্রিয় ও কালজয়ী ফ্র্যাঞ্চাইজির অভাব। ওয়ার্নার ব্রোসের হাতে ‘ডিসি কমিকস’-এর মতো শক্তিশালী সব ফ্র্যাঞ্চাইজি রয়েছে।

এই উদ্যোগের আরেকটি লক্ষ্য হলো পরিবারগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো। সাধারণত শিশুদের জন্য মানসম্পন্ন কনটেন্ট থাকলে অভিভাবকেরা সাবস্ক্রিপশন বাতিল করার হার কমিয়ে দেন। ই-মার্কেটারের জ্যেষ্ঠ বিশ্লেষক রস বেনেস বলেন, ‘শিশুতোষ অনুষ্ঠানের ওপর গুরুত্ব দিলে যেসব পরিবারে শিশু রয়েছে, তাদের কাছে নেটফ্লিক্স আরও অপরিহার্য হয়ে উঠবে।’

তিনি আরও যোগ করেন, এই নতুন অ্যাপটি নেটফ্লিক্সকে ‘ডিজনি প্লাস’-এর সঙ্গে পাল্লা দিতে সাহায্য করবে, যারা দীর্ঘকাল ধরে শিশুতোষ প্রোগ্রামিংয়ে নেটফ্লিক্সের চেয়ে এগিয়ে ছিল।

নেটফ্লিক্স ২০২১ সালে প্রথম মোবাইল গেম চালু করেছিল। তবে শিশুদের জন্য বিশেষায়িত গেমিং অ্যাপ এটিই প্রথম। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও নিউজিল্যান্ডে অ্যাপটি পাওয়া যাচ্ছে এবং আগামী ২৮ এপ্রিল এটি বিশ্বজুড়ে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স, গ্যাজেট ৩৬০

কলম যখন ‘স্মার্ট পেন’

এআই যখন কিশোর-কিশোরীদের নতুন ‘অদৃশ্য’ বন্ধু

জাপানের শিল্প খাতে ‘ফিজিক্যাল এআই’-এর উত্থান

বাজারে অপো এ৬কে, পয়লা বৈশাখ উপলক্ষে চলছে বিশেষ অফার

নতুন আমেরিকান ড্রিম: মার্কিন ভিসা পেতে অনলি ফ্যানস ইনফ্লুয়েন্সারদের হিড়িক

রাজধানীতে তরুণ বিজ্ঞানীদের সম্মেলন শুরু

ইন্টারনেট ও ডেটা সেন্টার সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি

এআইতে বিপুল বিনিয়োগ ওরাকলের, চাকরি গেল ১০ হাজার কর্মীর

ইরানের নিশানায় টেক জায়ান্ট, তালিকায় গুগল-অ্যাপল-মাইক্রোসফটসহ ১৮ কোম্পানি

স্মার্ট প্রযুক্তিতে বদলে যাচ্ছে স্বাস্থ্যসেবা