হোম > প্রযুক্তি

চীনে মানবাকৃতির রোবটের ক্রীড়া প্রতিযোগিতা

আজকের পত্রিকা ডেস্ক­

লং জাম্প, ভারোত্তলন, দড়ি টানাটানি ও টেবিল টেনিসসহ ৫১টি ইভেন্টে অংশ নেবে ২ হাজারের বেশি রোবট। ছবি: চায়না ডেইলি

চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড (মানবাকৃতি) রোবট গেমস। এবারের আয়োজনে ৬০০টি দলের ২ হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নেবে।

বেইজিং প্রশাসন ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) যৌথভাবে এ আয়োজন করছে। চায়না ডেইলি জানায়, বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভাল, যা ‘আইস রিবন’ নামে পরিচিত, সেখানে আগামী বুধবার (২৬ আগস্ট) পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতায় নতুন কয়েকটি ইভেন্ট যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে লং জাম্প, ভারোত্তলন, দড়ি টানাটানি ও টেবিল টেনিস। এসব প্রতিযোগিতার মাধ্যমে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা, শারীরিক সক্ষমতা, ভারসাম্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের কার্যকারিতা পরীক্ষা করা হবে।

ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন বাস্তব জীবনভিত্তিক কাজের প্রতিযোগিতাও থাকছে। ঘর সামলানো, অতিথিসেবা এবং পণ্য পরিবহনসহ ৯টি ক্ষেত্রে এসব প্রতিযোগিতা হবে। এর মাধ্যমে দৈনন্দিন জীবন ও বিভিন্ন কাজে হিউম্যানয়েড রোবট ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হবে।

২০২৫ সালের আগস্টে প্রথম বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে ১৬টি দেশের ২৮০টি দল এবং ৫০০টির বেশি হিউম্যানয়েড রোবট অংশ নিয়েছিল।