কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। মেটার এই ছবি ও ভিডিও নির্ভর এই অ্যাপটিতে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটির মাধ্যমে ভিডিও সম্পাদনা আরও সহজ হয়েছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিও সম্পাদনার কাজ আরও সহজ ও সুবিধাজনক করাই এ ফিচারের লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ডিভাইসে ফিচারটি চালু করা হচ্ছে।
ফার্স্ট ড্রাফট একটি ভিডিও ক্লিপের বিভিন্ন অপ্রয়োজনীয় অংশ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে কেটে দিতে পারে। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা ভিডিও সম্পাদনার ‘শুরুর ধাপটি পেরিয়ে যেতে’ পারবেন বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
গত মঙ্গলবার মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি ‘ফার্স্ট ড্রাফট’ ফিচার চালুর ঘোষণা দেয়। প্রাথমিকভাবে ইনস্টাগ্রামের আইওএস অ্যাপে ফিচারটি চালু করা হচ্ছে।
প্ল্যাটফর্মটি জানিয়েছে, ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটি ব্যবহারকারীদের জন্য একটি প্রাথমিক বা খসড়া সম্পাদিত সংস্করণ তৈরি করে দেবে। পরে তাঁরা প্রয়োজন অনুযায়ী আরও সম্পাদনা ও পরিবর্তন করে চূড়ান্ত সংস্করণ তৈরি করতে পারবেন।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা আইফোনে একটি ভিডিও ক্লিপ নির্বাচন করে ফার্স্ট ড্রাফটের মাধ্যমে সেটির সম্পাদিত সংস্করণ তৈরি করতে পারবেন। ভিডিওতে কথা বলার সময়ের বিরতি, নীরবতা এবং এ ধরনের অন্যান্য অংশ ফিচারটি শনাক্ত করতে পারবেন। শনাক্ত করার পর ফার্স্ট ড্রাফট ভিডিও থেকে ওই নির্দিষ্ট অংশগুলো কেটে দিয়ে একটি প্রাথমিক সম্পাদিত সংস্করণ তৈরি করবে। এরপর ব্যবহারকারীরা চাইলে রিলটি যেমন আছে, তেমনই পোস্ট করতে পারবেন অথবা আরও সম্পাদনা করতে পারবেন।
ইনস্টাগ্রাম জানিয়েছে, ফার্স্ট ড্রাফটের মাধ্যমে করা সব কাটছাঁট ও সম্পাদনা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে। এতে ব্যবহারকারীরা তাঁদের ভিডিওর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন।
কনটেন্ট নির্মাতারা ভিডিও ক্লিপের ক্রম পরিবর্তন, কোনো অংশ বাদ দেওয়া, সম্পাদনা সমন্বয় করা বা চাইলে পুরো কাজ নতুন করে শুরু করতে পারবেন। সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটির দাবি, ফার্স্ট ড্রাফট বিভিন্ন ধরনের ভিডিওর সঙ্গে মানিয়ে নিতে পারে। এর মধ্যে একাধিক ক্লিপের সমন্বয়ে তৈরি ভিডিও, ক্যামেরার সামনে কথা বলার ভিডিও, দৈনন্দিন জীবনের ভিডিওসহ আরও বিভিন্ন ধরন রয়েছে।
আইওএসে ফার্স্ট ড্রাফট ফিচার ব্যবহার করতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অ্যাপের রিলস গ্যালারি খুলে এক বা একাধিক ক্লিপ নির্বাচন করবেন। এরপর পর্দার নিচে থাকা ‘ফার্স্ট ড্রাফট’ বাটনে ট্যাপ করতে হবে। তারপর সম্পাদিত ভিডিওটি পর্যালোচনা করে ব্যবহারকারীরা পূর্ণাঙ্গ ভিডিও এডিটরে যেতে পারবেন অথবা চাইলে সরাসরি রিলটি পোস্ট করতে পারবেন।
এ ছাড়া ইনস্টাগ্রামের ক্যামেরা খুলে একটি ক্লিপ রেকর্ড করার পরও ‘ফার্স্ট ড্রাফট’ বাটনে ট্যাপ করে ফিচারটি ব্যবহার করা যাবে।