চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির দেওয়া এক ভিডিওতে ‘সুপারম্যান’ নামের রোবটটির নানা ক্রীড়ানৈপুণ্য তুলে ধরা হয়েছে। ইউনিট্রির দাবি, মাত্র তিন মাসে তৈরি এই রোবট ২ মিটার বা প্রায় ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতায় লাফ দিতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৫ দশমিক ৬ কিলোমিটার বা সেকেন্ডে ১২ দশমিক ৬৬ মিটার।
২০০৯ সালে ১০০ মিটার বিশ্বরেকর্ড গড়ার সময় কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে প্রায় ১২ দশমিক ২ মিটার। অর্থাৎ ইউনিট্রির দাবি সত্য হলে গতির দিক থেকে ‘সুপারম্যান’ বিশ্বের দ্রুততম মানুষকেও পেছনে ফেলতে পারে।
ইউনিট্রির ভাষ্য মতে, রোবটটির সক্ষমতা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি; আগামী কয়েক মাসে এর পারফরম্যান্স আরও উন্নত করার সুযোগ রয়েছে। তবে রোবটটির এসব রেকর্ড বা সক্ষমতা এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
এমন প্রদর্শনের মধ্যেই ইউনিট্রি চীনের সাংহাই স্টার মার্কেটে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। ৯০ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহের পর প্রতিষ্ঠানটি মূল ভূখণ্ড চীনের প্রথম পাবলিকলি ট্রেডেড জেনারেল-পারপাস রোবটিকস কোম্পানি হতে যাচ্ছে।
এদিকে ১৯ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। এরপর ২২ আগস্ট শুরু হবে দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। গত বছরের উদ্বোধনী আসরে ইউনিট্রির রোবট ৪০০ মিটার, ১ হাজার ৫০০ মিটার, ১০০ মিটার হার্ডলস ও ৪ × ১০০ মিটার রিলেতে চারটি স্বর্ণপদক জিতেছিল।
তবে রোবটের ক্রমবর্ধমান শারীরিক সক্ষমতা নিয়ে উদ্বেগও রয়েছে। এর আগে ইউনিট্রির একটি রোবট তার নিয়ন্ত্রণকারীর শরীরেই আঘাত করে বসে এবং নাচের প্রদর্শনীতে একটি শিশুকে চড় মারার ঘটনাও আলোচনায় আসে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, বিনোদনের ক্ষেত্রে এমন ত্রুটি বিব্রতকর হলেও চিকিৎসা, নিরাপত্তা বা শিল্পকারখানার মতো গুরুত্বপূর্ণ কাজে রোবটের ভুল গুরুতর দুর্ঘটনা ঘটাতে পারে। তাই ‘সুপারম্যান’ মানুষের সীমা ভাঙার প্রতীক হলেও, তার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ।