১৯৮৬ সিউল এশিয়াডে বক্সার মোশাররফ যে ব্রোঞ্জ জিতেছিলেন, তার একটি মাহাত্ম্য ছিল। এশিয়াডের একক ইভেন্টে সেটিই ছিল বাংলাদেশ প্রথম এবং একমাত্র পদক। ‘ছিল’ বলতে হচ্ছে; কারণ, এবার এশিয়াডের উশুর ৫২ কেজির ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন জিন্নাত আক্তার। ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের একাকী ক্লাবে একজন সঙ্গী পেয়ে খুশি মোশাররফ হোসেন।
ফোনে যোগাযোগ করা হলে রাজশাহী থেকে নিজের প্রতিক্রিয়ায় মোশাররফ বললেন, ‘জিন্নাত ব্রোঞ্জ জেতায় খুব খুশি হয়েছি। জিন্নাতকে অভিনন্দন। আমার খুব ভালো লাগছে। আগে আমি যা করেছি, জিন্নাত সেটা করায় একজন সঙ্গী পেয়েছি।’
মোশাররফের ও জিন্নাতের ব্রোঞ্জের মাঝে কেটে গেছে ৪০ বছর। মাঝে ব্যক্তিগত ইভেন্টে সাফল্য নেই কেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনুশীলনের আধুনিক সুযোগ-সুবিধার অভাব। ভালো প্রশিক্ষণ নেই। আমি তো এসব দেখে এসেছি। পেটে ক্ষুধা নিয়ে ভালো কিছু করা যায় না।’
দীর্ঘ চার দশকের পদক-খরা ঘুচিয়েছেন যিনি, সেই জিন্নাতকে মোশাররফ উপদেশ, ‘তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে কোনোভাবেই সরে আসবে না।’