জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরোনো পাঁচতলা ভবন ভেঙে সেখানে আন্তর্জাতিক মানের ইনডোর ক্রীড়া সুবিধাসম্পন্ন আধুনিক বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আজ ক্রীড়া পরিষদে ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো পাঁচতলা ভবনটি ভেঙে সেখানে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসম্পন্ন একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এ নিয়ে কার্যক্রমও শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’।
ভবন নির্মাণে দেশি-বিদেশি কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ভবনটি নতুন করে গড়ে তুলতে দেশি ও বিদেশি কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চলছে। তাদের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানের সব ধরনের ইনডোর ক্রীড়া সুবিধা ও প্রয়োজনীয় ফ্যাসিলিটি রাখার পরিকল্পনা করা হচ্ছে।’
নতুন ভবন নির্মাণের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দ্রুতই পুরোনো ভবনটি ভেঙে সেখানে একটি বড় হাইরেজ ভবন নির্মাণের লক্ষ্য রয়েছে। সেই ভবনে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসহ প্রয়োজনীয় সব ফ্যাসিলিটি রাখা হবে। এর মাধ্যমে আধুনিক ও উন্নত পরিবেশে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। তার আগ পর্যন্ত এনএসসির জিমন্যাশিয়ামটি জিমন্যাস্টিকস ও তায়কোয়ান্দো সমানভাগে অনুশীলনের জন্য ব্যবহার করবে।’
সমাপনী অনুষ্ঠানে তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা এবং সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ফেডারেশন কাপ তায়কোয়ান্দোর সিনিয়র বিভাগে সাফল্য পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সিনিয়র পুরুষ বিভাগে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই দলই চারটি করে সোনা ও রুপা এবং আটটি করে ব্রোঞ্জপদক জিতেছে। রানার্সআপ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা পেয়েছে চারটি ব্রোঞ্জ।
সিনিয়র নারী বিভাগেও শীর্ষে সেনাবাহিনী। চারটি সোনা ও দুটি রুপা জিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। দুটি সোনা ও একটি ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ হয়েছে বিজিবি।