হোম > খেলা > অন্য খেলা

জাপানের কাছে হেরে অনিশ্চিত কাবাডিতে বাংলাদেশের পদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কাবাডিতে পদক এখন বাংলাদেশের জন্য অনিশ্চিত। ছবি: সৌজন্য ছবি

পদকের খুব কাছে গিয়েও হঠাৎ হিসাবটা কঠিন হয়ে গেল বাংলাদেশের। এশিয়ান গেমসের কাবাডিতে চায়নিজ তাইপে ও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে টানা দুই জয়ে যে স্বস্তি তৈরি হয়েছিল, জাপানের কাছে হারে সেটিই এখন পরিণত হয়েছে শঙ্কায়। আজ জাপানের বিপক্ষে জিতলেই পদক নিশ্চিত হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে ৪০–৩৬ পয়েন্টে হেরে এখন গ্রুপের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

নাগোয়ার তোকাই দরি ইনডোর স্টেডিয়ামে শুরু থেকেই জাপান ছিল আক্রমণাত্মক।। প্রথম কয়েক মিনিটেই ২–৩ পয়েন্টের ব্যবধান তৈরি করে জাপান। বাংলাদেশ সেটি কমিয়ে আনার চেষ্টা করলেও প্রতিপক্ষের চাপ সামলাতে পারেনি। একপর্যায়ে বাংলাদেশকে অলআউট করে লোনা আদায় করে নেয় জাপান। প্রথমার্ধ শেষ হয় ২২–১৫ ব্যবধানে।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর বদলে বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার অলআউট হয়ে ১১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তখন মনে হচ্ছিল, ম্যাচটি জাপানের নিয়ন্ত্রণেই চলে যাচ্ছে।

তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে জাপানকে অলআউট করে তিন পয়েন্টের লোনা আদায় করে ব্যবধান ৩৪–২৮-এ নামিয়ে আনে তারা। এরপর ব্যবধান আরও কমে আসে। একপর্যায়ে জাপানের সঙ্গে বাংলাদেশের পার্থক্য দাঁড়ায় মাত্র এক পয়েন্ট—৩৫–৩৪।

সেই সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগও এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে রেইড ও ট্যাকেলে কয়েকটি ভুলে আবার পিছিয়ে পড়ে দল। বাংলাদেশের রেইডার কোর্টের বাইরে চলে যাওয়ার পর জাপানের ট্যাকল থেকে পাওয়া দুই পয়েন্ট ব্যবধান বাড়িয়ে দেয়। শেষ দিকে জাপান সতর্ক হয়ে খেলেছে, আর বাংলাদেশ আর সেই ব্যবধান ঘোচাতে পারেনি।

দুই জয়ে এর আগে ভালো অবস্থানে থাকা বাংলাদেশ এখন গ্রুপের শেষ ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে। এই গ্রুপের শক্তিশালী দল ভারত। জাপানের বিপক্ষে হারের পর গ্রুপের অন্য দলগুলোর ফলও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। একাধিক দলের সমান জয় হলে তখন পয়েন্ট ব্যবধানের হিসাবেই নির্ধারিত হতে পারে গ্রুপের পরের অবস্থান।