এশিয়ান গেমসে প্রত্যাশা পূরণ হয়নি। সেই হতাশা পেছনে ফেলে এবার এশিয়া কাপ আর্চারিতে পদক জয়ের লক্ষ্য বাংলাদেশের। ইরাকের সোলেমানিয়ায় ২৪ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠেয় এশিয়া কাপ, স্টেজ-২ প্রতিযোগিতায় অংশ নিতে কাল সকালে দেশ ছাড়বে ১২ সদস্যের দল। প্রতিযোগিতায় প্রতিটি স্বর্ণপদক জয়ের জন্য তিন লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
দলে আছেন ছয়জন পুরুষ ও ছয়জন নারী আর্চার। রিকার্ভ ও কম্পাউন্ডের একক ইভেন্টের পাশাপাশি রিকার্ভের পুরুষ ও নারী দলগত এবং দুই বিভাগে মিশ্র দলগত ইভেন্টেও লড়বেন বাংলাদেশের প্রতিনিধিরা। বিশ্ব র্যাঙ্কিংয়ের এই প্রতিযোগিতায় অংশ নেবে ১৭ থেকে ১৯টি দেশ।
এশিয়ান গেমসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো ফলের আশা করছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তিনি বলেন, ‘প্রস্তুতি বেশ ভালো রয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৭ থেকে ১৯টি দেশ অংশ নিচ্ছে। এশিয়ান গেমসের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করতে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি স্বর্ণপদকের জন্য ৩ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইনশা আল্লাহ, এবার দল থেকে ভালো একটা ফলাফল আসবে।’
প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে আশাবাদী প্রধান কোচ মার্টিন ফ্রেডরিকও। এশিয়ান গেমস শেষে অল্প সময়ের মধ্যেই আর্চারদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। দলগত ও মিশ্র দলগত ইভেন্টে পদক জেতার লক্ষ্য নিয়ে ইরাক যাচ্ছে দল।
এশিয়ান গেমসের ফল ভুলে যেতে চান না আব্দুর রহমান আলিফ। বরং সেই অভিজ্ঞতাই এবার ভালো করার তাগিদ জোগাচ্ছে তাঁকে। আলিফ বলেন, ‘এশিয়ান গেমসের ফল আমাদের মনে আছে, যে শোক ও জেদ থেকে আমরা এবার ভালো কিছু করতে যাচ্ছি। শর্ট টাইমের প্রস্তুতি হলেও ট্রায়ালে তাঁরা বেশ ভালো স্কোর করেছেন এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনা সম্ভব।’
কম্পাউন্ডের আর্চার হিমু বাছারের মতে, প্রস্তুতির সময় কম হলেও তিনটি বিভাগেই নিজেদের তৈরি করেছেন তাঁরা। ব্যক্তিগত, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে অন্য দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য দেখছেন তিনি।
নারী আর্চার বন্যা আক্তারের লক্ষ্যও স্বর্ণপদক। তাঁর ভাষায়, ‘এশিয়ান গেমসের পর থেকেই তাদের ধারাবাহিক প্র্যাকটিস চলছে। তারা মূলত স্বর্ণপদকের জন্যই লড়াই করবেন, যাতে ফুল টিম নিয়ে দেশের জন্য ভালো কিছু এবং একটি সম্মানজনক অবস্থান অর্জন করে ফিরে আসা যায়।’