বেলারুশের খেলোয়াড়দের সুখবর দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ( আইওসি)। এখন থেকে তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে বাধা নেই। তবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি আইওসি।
আইওসি আজ এক বিবৃতিতে বেলারুশ ও রাশিয়াকে নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। এক বিবৃতিতে বিশ্ব অলিম্পিকের অভিভাবক সংস্থা বলেছে, ‘আন্তর্জাতিক ফেডারেশন ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনকারী সংস্থাগুলোর অধীনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বেলারুশের খেলোয়াড়দের ওপর আইওসি কার্যনির্বাহী বোর্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাতে করে দলগুলোর অংশগ্রহণ করতে বাধা থাকছে না।’ তবে রাশিয়া নিষিদ্ধই থাকছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে বেলারুশের খেলোয়াড়রা নিজেদের পতাকা ও জাতীয় সংগীতের অধীনে স্বাধীনভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। যার মধ্যে রয়েছে দলীয় খেলাও। এ ছাড়া তাঁরা ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য এ বছরের শেষ দিকে শুরু হওয়া সব বাছাইপর্বেও অংশ নিতে পারবেন।
আইওসি জানিয়েছে যে তাদের আইনি বিষয়ক কমিশন রাশিয়ান অলিম্পিক কমিটি (আরওসি) সম্পর্কিত তথ্য পর্যালোচনা করছে। একই সঙ্গে তারা দেশটির অ্যান্টি-ডোপিং ব্যবস্থাও পরীক্ষা করছে। যেখানে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার চলমান তদন্তগুলো আইওসির জন্য উদ্বেগের বিষয় হয়ে আছে। আইওসি প্রেসিডেন্ট কিরস্টি কভেন্ট্রি বলেন, ‘আরওসির সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। তবে এখনো কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। আমাদের দায়িত্ব খেলাধুলা নিয়ে। আমরা চাই সব খেলোয়াড় অংশগ্রহণ করুক।’
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ২০২২ সাল থেকে রুশ ও বেলারুশীয় খেলোয়াড় এবং কর্মকর্তাদের বিভিন্ন প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার সুপারিশ করেছিল আইওসি। ইউক্রেন আক্রমণের জন্য বেলারুশকে একটি সামরিক ঘাঁটি বা প্রস্তুতি কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞা বেলারুশের ওপর এখনো বহাল থাকছে বলে জানিয়েছে আইওসি।