হোম > খেলা > অন্য খেলা

জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাপানের কাছে হেরেছে বাংলাদেশ। ছবি: বাহফে

জুনিয়র এশিয়া কাপ হকিতে সেরা তিনে থাকলেই মিলবে জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ। সে লক্ষ্যেই এগোচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। কিন্তু কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

চীনের মোকি শহরে আজ অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে শুরুতে ভালো করলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে জাপানকে এগিয়ে দেন ইয়োশিরো হিরাই। শেষ কোয়ার্টারের ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোমোকা সুজুকি।

এর আগে চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত খেলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের হেড কোচ আরিফ আলী এখনো বিশ্বকাপের আশা পুরোপুরি ছাড়ছেন না। ১২ সেপ্টেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচে হারা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে জায়গা পাওয়ার পথ অবশ্য এখন টুর্নামেন্টের চূড়ান্ত অবস্থান ও এশিয়ার কোটা নির্ধারণের ওপর নির্ভর করছে।

জাপানের বিপক্ষে ম্যাচের পর আরিফ বলেছেন, ‘বাইরে থেকে দেখলে মনে হতে পারে ম্যাচটি একতরফা ছিল। কিন্তু আমরা আজ জাপানের বিপক্ষে ম্যাচটা দারুণভাবে লড়েছি। মেয়েদের নিয়ে আমি সত্যিই গর্বিত। তারা খুব ভালো খেলেছে এবং শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই করেছে। আমরা ম্যাচে সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিলাম, এমনকি এগিয়েও যেতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে গোল করতে পারিনি। তবে মেয়েদের নিয়ে আমি সত্যিই গর্বিত। শুধু আফসোস, গোলটা আসেনি।’

জাপানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট আরিফ আরও বলেন, ‘আমরা জাপানকে দেখিয়ে দিয়েছি, আমরা কী করতে পারি। জুনিয়র এশিয়া কাপের সবাইকেও আমরা দেখাতে পেরেছি—বাংলাদেশ কী করতে পারে।’

২০২৭ নারী জুনিয়র হকি বিশ্বকাপে এশিয়া মহাদেশ থেকে মূলত চারটি দল অংশ নেবে, তবে এশিয়ার কোনো দেশ আয়োজক হলে মোট পাঁচটি দল খেলার সুযোগ পাবে। আরিফ রয়েছেন সেই আশায়, ‘সাধারণত চারটি দল থাকে। তবে এশিয়ায় কোনো দেশ স্বাগতিক হলে আমরা একটি অতিরিক্ত জায়গা পেতে পারি। কিন্তু এখনো স্বাগতিক ঠিক হয়নি। স্বাগতিক নিশ্চিত হলে তারা জানাবে কতটি দলকে আয়োজন করতে পারবে। গতবার ছয় থেকে সাতটি দল খেলেছিল। তাই আশা করছি, এশিয়ার জন্য আরও একটি জায়গা থাকবে। বাংলাদেশের হকির জন্য সেটি দারুণ হবে।’

শেষ ম্যাচটি জিতে টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে চান বাংলাদেশের কোচ। আরিফ বলেন, ‘আমরা অবশ্যই সেটাই আশা করছি। টুর্নামেন্টটা শক্তভাবে শেষ করতে চাই। এখন ভালোভাবে রিকভার করে পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’