পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মহাদেশীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারে আবারও পুরোনো কোচ পিটার গেরহার্ডের ওপরই আস্থা রাখল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। একই সঙ্গে সোমবার টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে ফেডারেশন।
জাপানে অনুষ্ঠিত সর্বশেষ এশিয়ান গেমসে সপ্তম স্থানে সন্তুষ্ট থাকতে হওয়ায় সরাসরি মূল পর্বে জায়গা মেলেনি লাল-সবুজের প্রতিনিধিদের। তবে পাকিস্তানের সরে দাঁড়ানোর সুবাদে বিকল্প দল হিসেবে সুযোগ আসে বাংলাদেশের সামনে। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জার্মান কোচ পিটার গেরহার্ডকে পুনরায় প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এশিয়ান গেমসের পর তাঁর সঙ্গে পূর্ববর্তী চুক্তির মেয়াদ শেষ হলেও দলের সক্ষমতা প্রমাণের মঞ্চে তাঁকেই আবার ফেরানো হলো।
২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের জলন্ধর ও মোহালিতে গড়াবে ছয় দেশের এই লড়াই। উদ্বোধনী দিনেই মাঠে দেখা যাবে বাংলাদেশকে। স্বাগতিক ভারত ছাড়া প্রতিযোগিতার অপর চার দেশ হলো দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও জাপান। বিশ্ব হকি সংস্থা (এফআইএইচ) ও এশিয়ান হকি ফেডারেশন যৌথভাবে গত ৮ অক্টোবর সূচি চূড়ান্ত করে। ।
ঘোষিত প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের ১৪ অক্টোবর দুপুর ২টার মধ্যে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
পিটার গেরহার্ডের সঙ্গে টিম ম্যানেজমেন্টে রয়েছেন ম্যানেজার রাহুল কান্তি রায়, সহকারী ম্যানেজার আকিল সিদ্দিকী, সহকারী কোচ শহীদুল্লাহ টিটু, ভিডিও অ্যানালিস্ট মো. ইমরান হাসান এবং ফিজিও তৌহিদুল ইসলাম।
বাংলাদেশের প্রাথমিক দল
বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, মেহরাব হাসান সামিন, ওবায়দুল হোসেন জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খিসা মিমো, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরুজ্জামান নয়ন, রাসেল মাহমুদ, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান সিয়াম, মোহাম্মদ আব্দুল্লাহ, মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান সাজু, দ্বীন ইসলাম ইমন।