চীনের ইনার মঙ্গোলিয়ায় জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। ‘চ্যালেঞ্জার পুলে’ আজ কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। একই সঙ্গে ১০ দলের এই প্রতিযোগিতায় সেরা ছয়েও জায়গা নিশ্চিত করেছে।
কাজাখস্তানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে শারিকা রিমনের গোলে এগিয়ে যায় দল। ১৪ মিনিটে ফিল্ড গোল করে ২-০ ব্যবধানে দলকে এগিয়ে নেন লিজা আক্তার।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ৪৬ মিনিটে ফিল্ড গোলে স্কোরলাইন ৩-০ করেন জাকিয়া আফরোজ লিমা। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন অধিনায়ক শারিকা রিমন।
চায়নিজ তাইপে ও পাকিস্তানের পর কাজাখস্তানকে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। শক্ত রক্ষণ ও আক্রমণের সমন্বয়ে পুরো ম্যাচেই প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ কাল হংকং চায়নার বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।