হোম > খেলা > অন্য খেলা

চারজাতি হ্যান্ডবল টুর্নামেন্ট

শুধু ভারতকে নিয়ে ভাবছে না বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আইএইচএফ নেশনস ট্রফি টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: বিএইচএফ

দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্‌-বাংলা ব্যাংক অডিটরিয়ামে সংবাদ সম্মেলন হয়।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। ১৮, ১৯ ও ২০ অক্টোবর হবে লিগের ম্যাচ। ২১ অক্টোবর ব্রোঞ্জ পদকের লড়াইয়ের পর ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। বাংলাদেশকে ফাইনালে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক ইসমেতারা নিশি। তিনি বলেন, ‘এবারই আমরা প্রথমবার বিদেশি কোচের অধীনে অনুশীলন করেছি। আমাদের আশা ফাইনাল খেলব। মালদ্বীপ এবং নেপাল খেলায় অনেক উন্নতি করছে। নেপালের ৮ জন খেলোয়াড় আর্মি দলের হয়ে খেলে। তারা শক্ত প্রতিপক্ষ অবশ্যই। তাই শুধু ভারতকে নিয়ে ভাবলেই হবে না।’

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো মেয়েদের নিয়ে কাজ করার অভিজ্ঞতায় সন্তুষ্ট। তিনি বলেন, ‘বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে ধন্যবাদ, আমাকে মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। অভিজ্ঞতাটি সব দিক থেকেই চমৎকার ছিল। আমরা কেবল এই টুর্নামেন্ট জেতার জন্যই নয়, বরং বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ভবিষ্যৎ ও আসন্ন প্রতিযোগিতাগুলোর ভিত শক্ত করার লক্ষ্যে কাজ করছি। আমরা সঠিক পথেই আছি।’

১৮ অক্টোবর সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধন ও সমাপনী দিনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতার সব ম্যাচ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।