শেষ রাউন্ডের জয় দিয়ে জাতীয় মহিলা দাবার শিরোপা নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ। ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে ১৩ খেলায় সাড়ে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। জাতীয় দাবায় এটি তাঁর প্রথম শিরোপা।
আজ বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমেছিলেন ওয়াদিফা। নিমজো-ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির খেলায় ৪২ চালে মানিকগঞ্জের নাজরানা খান ইভাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।
তবে রানারআপ কে হবেন, সেটি এখনো নির্ধারিত হয়নি। ১৩ খেলায় সাড়ে ৮ পয়েন্ট করে পেয়েছেন পাঁচ দাবাড়ু—গতবারের চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম, ওয়ারসিয়া খুশবু, ওয়ালিজা আহমেদ, নুশরাত জাহান আলো ও নীলাভা চৌধুরী। রানারআপ থেকে ষষ্ঠ স্থান নির্ধারণে আগামীকাল তাঁদের প্লে-অফ খেলতে হবে।