হোম > খেলা > অন্য খেলা

১০ পদক নিয়ে ফিরছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদক জয়ের পর স্বপ্নার উচ্ছ্বাস। ছবি: বিএএফ

ভারতের ওডিশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ শেষ হলো তিন দিনব্যাপী বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট। ৩২ ইভেন্টের এই আসরে কোনো সোনা জিততে না পারলেও ২ রুপা ও ৮ ব্রোঞ্জসহ ১০ পদক নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ। আসরে বাংলাদেশ দলের মূল ভরসা ছিলেন নারী অ্যাথলেটরাই; ১০ পদকের সাতটিই এসেছে তাঁদের হাত ধরে।

বাংলাদেশের হয়ে দুটি রুপাই জিতেছেন স্বপ্না খাতুন। গতকাল নারীদের ট্রিপল জাম্পে ১৩.২২ মিটার লাফিয়ে মাত্র ০.০২ মিটারের ব্যবধানে ভারতের সাধনা রবির কাছে সোনা হারান তিনি। আজ নারীদের লং জাম্পেও ৬.০৮ মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় হন স্বপ্না।

ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে সর্বোচ্চ চার ব্রোঞ্জ জিতেছেন সুমাইয়া দেওয়ান। প্রথম দিন নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.২৪ সেকেন্ড এবং ২০০ মিটারে ২৪.৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন তিনি। এ ছাড়া নারীদের শটপুটে ১২.৬৪ মিটার ছুড়ে জাকিয়া সুলতানা এবং পুরুষদের জ্যাভলিন থ্রোতে ৬৪.৭৫ মিটার ছুড়ে ব্রোঞ্জ জেতেন মো. হাসিব খান।

বাকি চারটি ব্রোঞ্জ এসেছে রিলে ইভেন্ট থেকে। পুরুষ ৪ গুণিতক ১০০ মিটার (৪২.০৪ সেকেন্ড), নারী ৪ গুণিতক ১০০ মিটার (৪৭.৮৩ সেকেন্ড), পুরুষ ৪ গুণিতক ৪০০ মিটার (৩ মিনিট ১৭.৩৭ সেকেন্ড) ও নারী ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে (৩ মিনিট ৫৬.৬০ সেকেন্ড) তৃতীয় হয়েছে বাংলাদেশ দল।

২২ সোনা, ১৮ রুপা ও ৭ ব্রোঞ্জসহ ৪৭ পদক নিয়ে শীর্ষে থেকে আসর শেষ করেছে স্বাগতিক ভারত। ১০ সোনাসহ ৩৮ পদক নিয়ে দ্বিতীয় শ্রীলঙ্কা। নেপাল একটি রুপা জিতলেও পদকশূন্য থেকেছে ভুটান ও মিয়ানমার।