হোম > খেলা > ফুটবল

রোনালদোর ‘গুপ্তচরবৃত্তি’ ধরা পড়ল ক্যামেরায়

ক্রীড়া ডেস্ক    

আল ইত্তিহাদের বিপক্ষে এই মজার কাণ্ড ঘটিয়েছেন পর্তুগিজ তারকা। ছবি: সংগৃহীত

মাঠে প্রতিপক্ষের কৌশল জানার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর মজার এক কাণ্ড ধরা পড়েছে ক্যামেরায়। সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচ চলাকালে প্রতিপক্ষের ডিফেন্ডার দানিলোর হাতে থাকা কৌশলগত নির্দেশনার কাগজে উঁকি দিতে দেখা যায় আল নাসর অধিনায়ককে। মুহূর্তটি নিয়ে মাঠেই হাস্যরসের সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটে ম্যাচের উত্তেজনাপূর্ণ এক সময়ে। আল ইত্তিহাদের বেঞ্চ থেকে কৌশলগত নির্দেশনা লেখা একটি কাগজ পান দানিলো। তাঁর ঠিক পাশেই ছিলেন রোনালদো। সুযোগ বুঝে কাগজটির দিকে তাকিয়ে কী লেখা আছে তা দেখার চেষ্টা করেন পর্তুগিজ তারকা। রোনালদোর এই কাণ্ড বুঝতে পেরে দানিলোও হেসে ফেলেন।

তবে মজার সেই মুহূর্তের পর ম্যাচের ফল রোনালদোদের পক্ষে যায়নি। ঘরের মাঠে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াদের ক্লাবটি। এটা মৌসুমে তাদের প্রথম হার।

ম্যাচের প্রথমার্ধেই দ্রুত দুটি গোল করে আল নাসরকে চাপে ফেলে দেন জর্জ ইলেনিখেনা। বিরতির আগে অ্যাঞ্জেলো একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি আল নাসর। রোনালদোর একটি প্রচেষ্টাও ঠেকিয়ে দেন আল ইত্তিহাদের গোলরক্ষক প্রেদ্রাগ রাজকোভিচ।

প্রো লিগের চলমান মৌসুমে চার ম্যাচে দুটি গোল করেছেন রোনালদো। আল ইত্তিহাদের কাছে হারায় শীর্ষে থাকা আল হিলালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে পড়েছে আল নাসর। ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল ইত্তিহাদ।

শিরোপার লড়াইয়ে ঘুরে দাঁড়াতে পরের ম্যাচেই জয়ে ফিরতে চাইবে আল নাসর। আগামী ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে মাঠে নামবে রোনালদোরা।