হোম > খেলা > ফুটবল

জানা গেল ২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম

ক্রীড়া ডেস্ক    

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম ঘোষণা করেছে কনমেবল। ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার পরবর্তী আসরও বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ মর্যাদার এই ফুটবল প্রতিযোগিতার ২০২৮ সালের আসর আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল। আগামী ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই শেষ হবে টুর্নামেন্ট। গত আসরের মতো এবারও অংশ নেবে ১৬টি দল।

২০১৬ ও ২০২৪ সালের পর তৃতীয়বারের মতো কোপা আমেরিকা আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অনুষ্ঠিত আগের দুই আসরে দারুণ সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। ২০১৬ সালে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি আলবিসেলেস্তেরা। আট বছর পর ২০২৪ সালে সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই শিরোপা ধরে রাখে লিওনেল স্কালোনির দল।

এ আসরে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন কনমেবলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশন কনকাকাফের ৬টি দল। কনকাকাফের ছয়টি দল নির্ধারিত হবে ২০২৭ সালের গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে। টুর্নামেন্টে অবস্থান ও যোগ্যতার মানদণ্ড অনুযায়ী দলগুলো কোপা আমেরিকায় খেলার সুযোগ পাবে।

যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনার পাশাপাশি উন্নত অবকাঠামোও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের জন্য দেশটির বিভিন্ন শহরের বেশ কয়েকটি স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। ফলে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আগে থেকেই প্রস্তুত রয়েছে।

কনমেবলের সভাপতি ও ফিফার সহসভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেস বলেছেন, ‘কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি আমাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ২০২৮ সালে আমরা আবারও সেই আবেগ যুক্তরাষ্ট্রে নিয়ে যাব। এর মাধ্যমে কনকাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে এবং পুরো মহাদেশে ফুটবলের বিকাশে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে। এই আয়োজন আবারও প্রমাণ করবে, ফুটবলের কোনো সীমানা নেই এবং বড় স্বপ্ন দেখলে আরও অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।’

প্রসঙ্গত, ২০২৮ সালের ৪৯তম কোপা আমেরিকা আয়োজনের দৌড়ে শুরুতে আগ্রহ দেখিয়েছিল ইকুয়েডরও। তবে শেষ পর্যন্ত আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকেই বেছে নিয়েছে কনমেবল।