হ্যান্ড অব গড নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার শেষ নেই। ১৯৮৬ বিশ্বকাপে আসতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেই বিতর্কিত গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। মেক্সিকোর বিপক্ষে ইংলিশদের ম্যাচের আগে আবারও সামনে এল আর্জেন্টাইন কিংবদন্তির হ্যান্ড অব গড গোল।
এবারের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় আসতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড। আসতেকায় আরেকটি ম্যাচের আগে ১৯৮৬ বিশ্বকাপের হ্যান্ড অব গডের প্রতিশোধ নেওয়ার মানসিকতা নেই বলে জানালেন দলটির প্রধান কোচ টমাস টুখেল।
৪০ বছর আগের সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে বল জালে জড়িয়েছিলেন ম্যারাডোনা। রেফারির চোখ এড়িয়ে স্বীকৃতি পাওয়া সেই গোল পরে হ্যান্ড অব গড বা ঈশ্বরের হাত নামে ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক মুহূর্তে পরিণত হয়। ওই ম্যাচে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা।
চার দশক পর একই স্টেডিয়ামে ফিরে ইংল্যান্ড কি সেই ঘটনার প্রতিশোধের তাড়না অনুভব করছে—এমন প্রশ্নের জবাবে টুখেল পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, অতীতের সেই স্মৃতি বর্তমান ম্যাচের সঙ্গে মেলাতে চান না তিনি।
টুখেরে বলেন, ‘সেই গোলটি সবারই মনে আছে। আসতেকা স্টেডিয়ামের ইতিহাসে এটি একটি আইকনিক গোল। ইংল্যান্ডের জন্য সেটি ছিল বিশাল হতাশার মুহূর্ত। ঘটনাটি এখনো কষ্ট দেয়। কিন্তু আমরা এখানে প্রতিশোধ নিতে আসিনি। এটি তো একই প্রতিপক্ষও নয়। আমরা এখানে এসেছি দারুণ ইতিবাচক মানসিকতা নিয়ে।’