হোম > খেলা > ফুটবল

ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে অ্যাসিস্ট করা ফুটবলার খেলবেন বাংলাদেশের লিগে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বাবাতুন্দে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আসছেন বিশ্বকাপ খেলা এক নাইজেরিয়ান। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিলেন মাইকেল বাবাতুন্দে। সেই ম্যাচে নাইজেরিয়ার হয়ে গোলেও অবদান রেখেছিলেন তিনি। বাবাতুন্দেকেই এবার দেখা যাবে বাংলাদেশের ফুটবলে। ২০২৬-২৭ মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন এই ফরোয়ার্ড। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর ফুটবল ম্যানেজার শহীদ উদ্দীন স্বপন।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে শুরুর একাদশে ছিলেন বাবাতুন্দে। ম্যাচের ৩ মিনিটে আর্জেন্টিনা লিওনেল মেসির গোলে এগিয়ে গেলেও পরের মিনিটেই নাইজেরিয়াকে সমতায় ফেরান আহমেদ মুসা। সেই গোলের জোগানদাতা ছিলেন বাবাতুন্দে। পরে অবশ্য ম্যাচটি ৩-২ গোলে হেরে যায় নাইজেরিয়া।

বিশ্বকাপে খেলার আগে থেকেই জাতীয় দলের পরিচিত মুখ ছিলেন বাবাতুন্দে। ২০১৩ সালে নাইজেরিয়ার জাতীয় দলে অভিষেক তাঁর। একই বছর কনফেডারেশনস কাপেও খেলেন। ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান তিনি।

ক্লাব ফুটবলেও বৈচিত্র্যময় অভিজ্ঞতা আছে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। নাইজেরিয়ার হার্টল্যান্ড দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু। এরপর খেলেছেন ইউক্রেনের ক্রিভবাস ক্রিভি রিহ, ভলিন লুৎস্ক ও দিনিপ্রোতে। ইউক্রেন অধ্যায় শেষে মরক্কোর রাজা কাসাব্লাঙ্কায় যোগ দেন। পরে কাতার, আলবেনিয়া ও উজবেকিস্তানের ক্লাবেও খেলেছেন। সবশেষ খেলেছেন আলবেনিয়ার কেএস পোগরাদেসিতে।

নতুন মৌসুমের জন্য দল সাজাতে নাইজেরিয়ার বিদেশি ফুটবলারদের ওপরই ভরসা রাখছে আবাহনী। এবারের লিগে সর্বোচ্চ চারজন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে ক্লাবগুলো। বাবাতুন্দে ছাড়াও আবাহনী নাইজেরিয়া থেকে নিয়েছে অ্যান্থনি ওকাচি, চিনেদু ম্যাথু ও সানডে আফলোবি। চিনেদু অবশ্য ঘরোয়া ফুটবলে পরিচিত মুখ। এর আগে ফরাশগঞ্জ, চট্টগ্রাম আবাহনী, আরামবাগ, শেখ জামাল ও বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন তিনি।

দলবদলের শুরুতেই আবাহনীর জটিলতা ছিল ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা। তা কাটিয়ে কোচ মারুফুল হকের অধীনে দল সাজাচ্ছে ধানমন্ডির ক্লাবটি। বিদেশি কোটা শেষ হলেও সার্ক কোটা থেকে খেলোয়াড় কেনার চেষ্টা করছে তারা। ৩ সেপ্টেম্বর শেষ হবে দলবদল।