হোম > খেলা > ফুটবল

বুনো শূকরের কামড় খেলেন আর্জেন্টিনার ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

গ্রিসের কেফালোনিয়া দ্বীপে ঘুরতে গিয়েছিলেন তালিয়াফিকো। সেখানেই অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন তিনি। ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকায় হওয়া বিশ্বকাপের ফাইনাল খেলে স্ত্রী ক্যারোলিনা কালভাগনির সঙ্গে ছুটি কাটাতে গ্রিসের কেফালোনিয়া দ্বীপে গিয়েছিলেন নিকোলাস তালিয়াফিকো। সেখানে গিয়ে অপ্রত্যাশিত এক ঘটনার সাক্ষী হয়েছেন আর্জেন্টিনার এই ডিফেন্ডার। বুনো শূকরকে খাবার দিতে গিয়ে শেষ পর্যন্ত কামড় খেতে হয়েছে তাঁকে।

সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকোকে।

কেফালোনিয়ার গ্রামাঞ্চল ও বনভূমিতে বুনো শূকরের বিচরণ স্বাভাবিক ঘটনা। পর্যটকদের জন্য তাদের দেখা পাওয়া আকর্ষণীয় হলেও খাবার নিয়ে খুব কাছে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তালিয়াফিকোর এই ঘটনাটিও শেষ পর্যন্ত ভয়ঙ্কর এক স্মৃতি হয়ে থাকল।

তালিয়াফিকো ও কালভাগনি দুজনই প্রাণীপ্রেমী হিসেবে পরিচিত। তাঁদের দুটি কুকুরও রয়েছে—পেপা ও গালো। তবে বুনো শূকরের এই অভিজ্ঞতার পর তালিয়াফিকো ভবিষ্যতে প্রাণীগুলোর এতটা কাছে যাওয়ার আগে নিশ্চয়ই সতর্ক হবেন।

৩৩ বছর বয়সী তালিয়াফিকোর ছুটি এখন শেষের পথে। শিগগিরই লিওঁতে ফিরে প্রাক্-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা তাঁর।

সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সাত ম্যাচ খেলেছেন তালিয়াফিকো, যার পাঁচটিতে ছিলেন শুরুর একাদশে। স্পেনের বিপক্ষে ফাইনালেও পুরো ম্যাচ খেলেছেন তিনি। অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।

২০২২ সাল থেকে লিওঁর হয়ে খেলছেন তালিয়াফিকো। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।