হোম > খেলা > ফুটবল

আগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতি

ক্রীড়া ডেস্ক    

সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারলেও বাংলাদেশ আগের অবস্থানেই রয়েছে। ছবি: আজকের পত্রিকা

২৩ বছর পর সাফে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিতেই থেমে গেছে টমাস ডুলির দলের পথচলা। স্বপ্নভঙ্গের পর হামজা চৌধুরী-শুকি ইতোফুসাদের চোখ থেকে অঝোরে ঝরতে থাকে পানি। তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

জাতীয় স্টেডিয়ামে গত পরশু ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শেষ হয় সাফ। পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশম সাফ জেতে ভারত। সাফ ফাইনাল শেষে গতকাল ফিফা র‍্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, আগের মতোই ১৮২ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তবে সেমিতে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশের পয়েন্ট কমেছে ৫.৫৭। বর্তমানে ডুলির দলের পয়েন্ট ৮৯২.৮৬। বাংলাদেশ আগের অবস্থানে থাকলেও ব্রাজিলের অবনতি হয়েছে। এক ধাপ পিছিয়ে সেলেসাওরা এখন অবস্থান করছে সাত নম্বরে।

ব্রাজিল এক ধাপ পেছালেও তাদের পয়েন্ট বেড়েছে ০.৫৫। সেলেসাওদের বর্তমানে পয়েন্ট ১৮০০.৯১। কদিন আগে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। একেবারে শেষ মুহূর্তের গোলে জেতে জাপান। তবে এই হারের পর ব্রাজিল ৭-০ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। আর্জেন্টিনাও বরাবরের মতো দুইয়ে অবস্থান করছে। ১.১৮ পয়েন্ট বেড়ে এখন লিওনেল স্কালোনির দলের পয়েন্ট এখন ১৯৬৬.১৩। ৭ অক্টোবর লিওনেল মেসির অবসরের পর নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা একটা করে ম্যাচ জিতেছে ও হেরেছে। উরুগুয়ে কাছে ২-১ গোলে হেরে যাওয়া আর্জেন্টিনা ‘সেভেন-আপে’র স্বাদ দিয়েছে কোস্টারিকাকে। আলবিসেলেস্তেরা গতকাল জিতেছে ৭-০ গোলে।

নতুন হালনাগাদ করা ফিফা র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ সাত ধাপ এগিয়েছে লিবিয়া। ১১৯১.৬৯ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ১০৭ নম্বরে। গত রাতে হালনাগাদের পর সেরা অবস্থানে মরক্কো। দুই ধাপ এগিয়ে এখন আফ্রিকার দলটি অবস্থান করছে পাঁচে। ২ পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট এখন ১৮০৯.৩৭। মরক্কো দুই ধাপ এগোনোয় পিছিয়েছে ব্রাজিল, পর্তুগাল। এক ধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমে যাওয়া পর্তুগালের পয়েন্ট ১৮০১.২৮।

গতকাল র‍্যাঙ্কিং হালনাগাদের পর সেরা দশে মূলত চারটা জায়গার পরিবর্তন হয়েছে। মরক্কো, ব্রাজিল, পর্তুগালের পর বদলে গেছে মেক্সিকোর অবস্থান। তিন ধাপ পিছিয়ে এখন মেক্সিকোর অবস্থান ১৩ নম্বরে। দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে এখন জার্মানি। কলম্বিয়া এক ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে। বর্তমানে তাদের পয়েন্ট ১৭৩৫.৯০।

সাফ জয়ের পরও ভারতের অবনতি হয়েছে। তিন ধাপ পিছিয়ে এখন তারা অবস্থান করছে ১৪১ নম্বরে। সদ্য সমাপ্ত সাফে তারা অপরাজিত চ্যাম্পিয়ন। চার ম্যাচের চারটিতেই জিতেছে। পাশাপাশি নিউজিল্যান্ডেও খেলেছে ভারতের আরেক দল। নিউজিল্যান্ডের কাছে এক ম্যাচে ৫-০ গোলে হারের পর আরেক ম্যাচে ভারতের হার ৩-০ গোলে।