বিশ্বকাপের ফাইনালের শেষ হাসি কে হাসবে?
টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা জিতলে ভক্ত-সমর্থকদের মতো বেজায় খুশি হবেন লিওনেল স্কালোনি। সেটা শুধু তাঁর জন্য কেবল আরেকটি শিরোপাই নয়, বরং বিশ্বকাপের ইতিহাসের সেরা কোচ হয়ে উঠবেন স্কালোনি।
বিশ্বকাপ জয়ের স্বাদ আগেই পেয়েছেন স্কালোনি। তাঁর অধীনে ২০২২ কাতার বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার টানা দ্বিতীয়বারের মতো আলবিসেলেস্তেদের ডাগআউটে দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ের অপেক্ষায় স্কালোনি। নিউজার্সিতে অনুষ্ঠেয় ফাইনালে স্পেনকে হারাতে পারলে ইতিহাসের দ্বিতীয় কোচ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন স্কালোনি।
রেকর্ডটি এককভাবে নিজের দখলে রেখেছেন ইতালির কিংবদন্তি কোচ ভিত্তোরিও পোৎসো। তাঁর কোচিংয়ে ১৯৩৪ ও ১৯৩৮ সালে বিশ্বকাপ জেতে ইতালি। একমাত্র পোজ্জো ছাড়া আর কোনো কোচই একের অধিক বিশ্বকাপ জেতেনি। এবার তাঁর পাশে বসার হাতছানি ৪৮ বছর বয়সী স্কালোনির সামনে।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার হতাশাজনক বিদায়ের পর দায়িত্ব পান স্কালোনি। ছন্দহীন ও আত্মবিশ্বাস হারানো একটি দলকে নতুন করে গড়ে তোলেন তিনি। সফলতার মুখ দেখতেও বেশি সময় লাগেনি স্কালোনির। কোপা আমেরিকা ও ফিনালিসিমার পর ২০২২ সালে কাতারের মাটিতে সবচেয়ে কাঙ্ক্ষিত শিরোপা জেতেন তিনি। এখন বিশ্বকাপের সেরা কোচ হওয়ার রেকর্ড তাড়া করছেন স্কালোনি।
ফাইনালে স্পেনকে হারালে আর্জেন্টিনাও গড়বে বিরল এক কীর্তি। ইতালি (১৯৩৪-৩৮) ও ব্রাজিলের (১৯৫৮-৬২) পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতার মাইলফলক স্পর্শ করবে লাতিন আমেরিকানরা।