হোম > খেলা > ফুটবল

সাফে থাকতে পারে ভিএআর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাফে থাকতে পারে ভিএআর। ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার ফুটবলে রেফারিং নিয়ে বিতর্ক বহু পুরোনো। সন্দেহজনক অফসাইড কিংবা পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকে। এবার সেই বিতর্ক দূর করতে বড় পদক্ষেপ নিচ্ছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো দেখা যেতে পারে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।

সাফ কর্তৃপক্ষ টুর্নামেন্টে প্রযুক্তিটি যুক্ত করার জোর প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে কাজ চলছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল।

প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে দক্ষিণ এশিয়ার কোনো টুর্নামেন্টে এতদিন ভিএআরের ব্যবহার সম্ভব হয়নি। তবে ফুটবলকে আরও আধুনিক ও নির্ভুল করতে এবার উদ্যোগী হয়েছে আঞ্চলিক সংস্থাটি। টুর্নামেন্টে ভিএআর প্রযুক্তি থাকবে কি না—এমন প্রশ্নে পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘আমরা এটি নিয়ে কাজ করছি। আশা করছি, টুর্নামেন্টে আমরা ভিএআর রাখতে পারব।’

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দক্ষিণ এশিয়ার ফুটবলের ইতিহাসে এটিই হবে ভিএআর ব্যবহারের প্রথম নজির। ম্যাচ পরিচালনায় ভুলভ্রান্তি কমিয়ে আনার পাশাপাশি রেফারিংয়ের মান নিয়ে দলগুলোর দীর্ঘদিনের অভিযোগও এতে অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে।

প্রযুক্তিগত এই অগ্রগতির খবরের পাশাপাশি টুর্নামেন্ট ঘিরে তৈরি হওয়া আরেকটি ধোঁয়াশাও কেটেছে। ভারত সরে দাঁড়াতে পারে এমন একটি গুঞ্জন সাম্প্রতিক দিনগুলোতে ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

ভারত স্কোয়াড তালিকা জমা দিয়েছে কি না এবং টুর্নামেন্টে খেলবে কি না, তা জানতে চাওয়া হলে সাফ সাধারণ সম্পাদক সেই শঙ্কা উড়িয়ে দিয়ে জানান, গুঞ্জনটি পুরোপুরি ভিত্তিহীন। তিনি বলেন, ‘ভারত আসন্ন সাফে অংশ নিচ্ছে।’

এবারের ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে মোট ৬টি দেশ। ৫ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে বসতে যাচ্ছে সাফ। গ্রুপ ‘এ’তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে গ্রুপ ‘বি’তে রাখা হয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপকে।

বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের ব্যক্তিগত খরচে বুট দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ওলিসেকে পেতে নাইকির এত আগ্রহ কেন

বার্সা-রিয়াল মহারণের আগে আলোচনায় এই রেফারি

আবারও ঢাকায় আসার বার্তা দিলেন ফিফা সভাপতি

ফিফা সভাপতিকে বাংলাদেশ ফুটবল নিয়ে কী বলেছে বাফুফে

হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি

গার্দিওলা যা পারেননি, তাই করে দেখালেন মারেসকা

মাথায় ভয়াবহ আঘাত, হাসপাতালে আর্জেন্টাইন গোলরক্ষক

‘ভিনির জায়গায় আমি থাকলে রিয়ালই ছেড়ে দিতাম’

সাফে ভারতের খেলা নিয়ে ধোঁয়াশা