হোম > খেলা > ফুটবল

কাউকে দোষ দিতে চান না হামজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন হামজা। ছবি: বাফুফে

শেষ বাঁশি বাজার পর মাঠের মাঝেই মুখ ঢেকে বসে পড়েছিলেন। ড্রেসিংরুম থেকে বেরিয়ে মিক্সড জোনে সাংবাদিকদের সামনে যখন দাঁড়ালেন, হামজা চৌধুরীর চোখেমুখে তখনো রাজ্যের অবিশ্বাস। পুরো ম্যাচে লড়াই করে, দারুণ সব গোলের সুযোগ তৈরি করেও শেষ মুহূর্তের ভুলে হার—ফুটবলের এই নিষ্ঠুর রূপটা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা। তবু শনিবার রাতে জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলের হারের পর কোনো সতীর্থের ওপর দায় চাপালেন না হামজা।

ম্যাচের ৮৬ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে আবদুল সামাদের গোলে ফাইনালের স্বপ্ন ভাঙে বাংলাদেশের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ টমাস ডুলি যেমন তরুণ গোলরক্ষককে আগলে রেখেছিলেন, মিক্সড জোনে একই সুর শোনা গেল হামজার কণ্ঠেও। হতাশা লুকিয়ে তিনি বললেন, ‘আমরা কাউকে দোষ দিতে পারব না। মনে হয় ওরা (পাকিস্তান) বিরতির সময় খেলার পরিকল্পনা বদলেছে। তারপরও ওরা শুধু একটি সুযোগ তৈরি করেছে, আমরা দুটি দারুণ সুযোগ... এটাই তো ফুটবল, তাই না? এক সুযোগ পেয়েই ওরা গোল দিয়েছে।’

হামজার কথাতেই স্পষ্ট ম্যাচের চিত্র। প্রথমার্ধে ২৩ মিনিটে শমিত সোমের হেড থেকে বক্সের ভেতরে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রাকিব হোসেন, কিন্তু তাঁর বাঁ পায়ের শট রুখে দেন পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট। ৪২ মিনিটে জিদান ইউসুফের পাসে ফাঁকায় বল পেয়েও উড়িয়ে মারেন শুকি ইতোফুসা। পুরো ম্যাচে হামজাকে বোতলবন্দী করে রাখার ছক কষেছিল পাকিস্তান। ম্যাচ শেষে পাকিস্তান কোচ নলবার্তো সোলানোও স্বীকার করেছেন, দলের সবচেয়ে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে বল পায়ে স্বাধীনভাবে খেলতে না দেওয়াই ছিল তাঁদের মূল পরিকল্পনা।

গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে অ্যাকিলিস টেন্ডনের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার সাদ উদ্দিনের অভাবও টের পেয়েছে বাংলাদেশ। রক্ষণে সাদের জায়গায় খেলেছিলেন রহমত মিয়া। ম্যাচ শেষে সাদকে মিস করেছেন কি না, এমন প্রশ্নে হামজার সংক্ষিপ্ত উত্তর, ‘সাদ উদ্দিনকে সব সময়ই মিস করি।’