হোম > খেলা > ফুটবল

ইনফান্তিনোর সঙ্গে কথা বলার পর হঠাৎ কী এমন হলো রোনালদোর

ক্রীড়া ডেস্ক    

রোনালদো ও ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও ২৩ গোল করতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। এ নিয়ে পর্তুগিজ মহাতারকার সঙ্গে কথা হয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। তবে সেই কথোপকথনের পর রোনালদোর মুখভঙ্গি ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

প্যারিসে ২০২৬ এস্পোর্টস বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে দেখা হয় ইনফান্তিনোর। সেখানে তাঁর কাছে এগিয়ে গিয়ে ফিফা সভাপতি বলেন, ‘কেমন আছো? ভালো আছ তো?.. ভালো। আর ২৩ গোল, তাই তো?’

রোনালদো জবাব দেন, ‘হ্যাঁ।’ এরপর ইনফান্তিনো তাঁকে উৎসাহ দিয়ে বলেন, ‘শুভকামনা। এগিয়ে যাও, এগিয়ে যাও।’ রোনালদো উত্তরে বলেন, ‘ধন্যবাদ।’

কথোপকথনটি অবশ্য স্বাভাবিকভাবেই শেষ হয়নি—সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এরপরের মুহূর্ত। ভিডিওতে দেখা যায়, ইনফান্তিনোর সামনে দাঁড়িয়ে হাসছিলেন রোনালদো। কিন্তু ঘুরে চলে যাওয়ার সময় তাঁর মুখের অভিব্যক্তি হঠাৎ বদলে যায়। এক ঝলক বিরক্তি বা বিতৃষ্ণার মতো অভিব্যক্তি দেখা যায় পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর মুখে।

ইএসপিএন বিষয়টি তুলে ধরে লিখেছে, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর মুখের অভিব্যক্তিই সব বলে দিচ্ছে। ১ হাজার গোলের কতটা কাছে আছেন, তা নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলতে দেখা গেছে তাঁকে। তবে বিতর্কের জন্ম দিয়েছে তারকা ফুটবলারের চলে যাওয়ার সময়ের মুখের অভিব্যক্তি।’

রোনালদোর সেই মুহূর্তের অভিব্যক্তি অবশ্যই কোনো নির্দিষ্ট বার্তার ইঙ্গিত ছিল কি না, তা স্পষ্ট নয়। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নিজেদের মতো করে মন্তব্য করছেন নেটিজেনরা।