হোম > খেলা > ফুটবল

২০১৩ সালের রেকর্ড ছুঁয়ে নতুন ইতিহাসের অপেক্ষায় বার্সা

ক্রীড়া ডেস্ক    

টানা ৮ জয় তুলে নিল কাতালানরা। ছবি: সংগৃহীত

লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে টানা আট জয়ের রেকর্ড গড়েছে হান্সি ফ্লিকের দল। তাতে ২০১৩-১৪ মৌসুমে তাতা মার্তিনোর অধীনে গড়া ক্লাবের সেরা শুরুর রেকর্ডে ভাগ বসিয়েছে কাতালানরা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার হাতছানি তাদের সামনে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় আট ম্যাচ খেলেছে বার্সা। শতভাগ জয়ে তাদের সংগ্রহ পূর্ণ ২৪ পয়েন্ট। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, ১৩ বছর আগে মার্তিনোর অধীনে লিগে টানা আট জয়ে মৌসুম শুরু করেছিল বার্সা। এবার ফ্লিকের অধীনেও সেই কীর্তি ছুঁয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

তবে ২০১৩-১৪ মৌসুমে নবম ম্যাচে এসে জয়ের ধারায় ছেদ পড়ে বার্সার। ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করে মার্তিনোর দল। এরপর ১৪তম রাউন্ড পর্যন্ত অপরাজিত থাকলেও আথলেটিক বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরে যায় তারা।

এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ ফ্লিকের সামনে। তবে কাজটা সহজ হবে না। আগামী ১৭ অক্টোবর লা কার্তুজায় লিগের তৃতীয় স্থানে থাকা রিয়াল বেতিসের আতিথেয়তা নেবে বার্সা। রেকর্ড ভাঙার পথে সেটিই হবে তাদের পরবর্তী পরীক্ষা।

ইতিহাস হাতছানি দিয়ে ডাকলেও আপাতত পরের ম্যাচেই মনোযোগ দিতে চান ফ্লিক। গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বার্সেলোনা কোচ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরের ম্যাচ, গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবা। আমরা ইতিহাস গড়তে চাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, খেলোয়াড়েরা যেন নিজেদের কাজে পুরোপুরি মনোযোগী থাকে।’