হামজা চৌধুরী-শমিত সোম-ফারহান আলী ওয়াহিদদের নিয়ে গড়া বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে ভক্ত-সমর্থকদের আশা-আকাঙ্ক্ষা কম ছিল না। কিন্তু সেমিফাইনালেই থেমে যায় টমাস ডুলির দলের জয়যাত্রা। হারের কারণ অনুসন্ধানে জানা গেল দলের কৌশলের খবর আগেই ফাঁস হয়েছে সামাজিক মাধ্যমে।
ডুলির কৌশলের কিছু তথ্য ফাঁস হওয়ার ঘটনা বাংলাদেশ-পাকিস্তান সাফ সেমিফাইনালকে কেন্দ্র করে নয়। আলোচনা বরং ১১ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে। সচরাচর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও সেই ম্যাচে হামজা খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। অধিনায়কত্বের বাহুবন্ধনীও ছিল তাঁর হাতে। কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলার এই খবর ম্যাচের আগেই শ্রীলঙ্কার বিভিন্ন ফুটবল পেজে ফাঁস হয়ে যায়। এমনকি সেই ম্যাচে ফারহান ঘরের মাঠে প্রথমবার খেলতে নেমে চোখধাঁধানো এক গোল করেন। এই খবরও গোপন থাকেনি। আরেকটা ছবিতে দেখা গেছে, শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি বাঁচা-মরার সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কীভাবে একাদশ সাজাচ্ছেন।
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারালেও বাংলাদেশ সেমিতে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে যায়। জাতীয় স্টেডিয়ামে গতকাল ভারত-পাকিস্তান সাফ ফাইনাল শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে দলের কৌশলের খবর ফাঁস হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করেছেন সংবাদমাধ্যমকর্মীরা। তাবিথ প্রশ্ন একরকম এড়িয়েই যেতে চাইলেন। তবে তিনি বলেছেন, ‘দলের ব্যাপারে আমাদের ন্যাশনাল টিমস কমিটির সভার পরে আপনাদের সঙ্গে আমি খোলাখুলি কথা বলব।’
ভিডিও অ্যানালাইসিসি, ম্যাচ দেখে দলগুলোর কৌশল সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়। কিন্তু প্রতিপক্ষ দলের কৌশল যখন হুবহু সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই সেটা নিয়ে প্রশ্ন ওঠে।
জাতীয় স্টেডিয়ামে গতকাল রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ভারত জিতেছে দশম সাফ শিরোপা। ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপকে আয়োজক হিসেবে বাংলাদেশ কতটা আতিথেয়তা দিয়েছে, সেটা বিপক্ষ দলগুলোর টিম ম্যানেজমেন্টের কথাতেই স্পষ্ট। এরই মধ্যে শোনা যাচ্ছে, আগামী সাফ হতে পারে আট দল নিয়ে। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তাবিথ বলেন, ‘আমি নিশ্চিত মন্ত্রী (আমিনুল হক) অনেক কিছু পরিকল্পনা করেছেন। বাংলাদেশের ভালোর জন্যই পরিকল্পনা করেছেন। কিন্তু আমি মনে করি যে মন্ত্রী মহোদয়ের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া উচিত। আমার ঠিক হবে না এসব বলা।’