হোম > খেলা > ফুটবল

অনূর্ধ্ব-১৭ নারী দল

কেন নারী দলের কোচ বদলাল বাফুফে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু। ছবি: সংগৃহীত

জর্ডানে যাওয়ার আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিন দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটনকে সরিয়ে প্রধান কোচ করা হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে। ছোটনকে দেওয়া হয়েছে সহকারী কোচের দায়িত্ব।

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব ও জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল জর্ডানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। এর আগে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ পরিবর্তন নিয়ে প্রশ্নের মুখে পড়েন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। ছোটনকে সরিয়ে টিটুকে কেন দায়িত্ব দেওয়া হলো—এমন প্রশ্নে তিনি বলেন, ‘টেকনিক্যাল ডাইরেক্টর মূলত একজন প্রো-লাইসেন্সধারী কোচ। ফেডারেশন তাঁকে এ মুহূর্তে এই পজিশনের জন্য উপযুক্ত মনে করেছে বলে দায়িত্ব দিয়েছে।’

কোচিং স্টাফ পরিবর্তনের নেপথ্যে দলের অভ্যন্তরীণ বিরোধের কথাও জানা গেছে। টিটুর সঙ্গে কোচিং স্টাফের সদস্য মিরোনার দূরত্বের ঘটনায় তাঁকে শোকজ করে তদন্ত কমিটি করেছে বাফুফে। তদন্ত চলায় জর্ডান সফরে রাখা হয়নি মিরোনাকে।

হঠাৎ কোচ পরিবর্তনের প্রভাব পড়েছে খেলোয়াড়দের ওপরও। সহ-অধিনায়ক আলপি আক্তার বলেন, ‘দুই কোচই ভালো। আমরা দুজনের অধীনেই অনুশীলন করেছি। ফেডারেশন যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে।’