হোম > খেলা > ফুটবল

মার্তিনেসের ওপরে এখন কেবল মেসি-বাতিস্তুতা

ক্রীড়া ডেস্ক    

বুরকিনা ফাসোর বিপক্ষে প্রথম গোলটা করেন এই স্ট্রাইকার। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন লাউতারো মার্তিনেস। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করে লা আলবিসেলেস্তেদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার তিনে উঠে এসেছেন তিনি। এখন এই স্ট্রাইকারের ওপরে আছেন কেবল গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও লিওনেল মেসি।

মনুমেন্টালে ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পান মার্তিনেস। আগুস্তিন গিয়াইকে মৌমুনি দিয়ালো ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। মার্তিনেসের প্রথম শট ঠেকিয়ে দেন বুরকিনা ফাসোর গোলরক্ষক রাজাক গুইরা। ফিরতি বল পেয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আর্জেন্টিনার হয়ে এটা মার্তিনেসের ৪২তম গোল। দেশের হয়ে সমান সংখ্যক গোল করেছেন সাবেক তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। তবে আগুয়েরোর চেয়ে ১৫ ম্যাচ কম খেলেই ৪২ গোল করলেন মার্তিনেস। বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার হয়ে ৮৬তম ম্যাচ খেলতে নেমেছিলেন ইন্টার মিলান তারকা।

৪২ গোল নিয়ে মার্তিনেস ও আগুয়েরো এখন যৌথভাবে তৃতীয় স্থানে। তাঁদের পেছনে আছেন হার্নান ক্রেসপো (৩৫) দিয়েগো ম্যারাডোনা (৩২) গনসালো হিগুয়েইন (৩১), আনহেল দি মারিয়াদের মতো বড় মুখরা।

তালিকার দুইয়ে থাকা বাতিস্তুতা আর্জেন্টিনার হয়ে ৭৭ ম্যাচে ৫৪ গোল করেছেন। সাবেক এই ফুটবলারের রেকর্ড ভাঙতে আরও ১২ গোল প্রয়োজন মার্তিনেসের। সবার ওপরে আছেন মেসি। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এই মহাতারকা। দ্বিতীয় স্থানে থাকা বাতিস্তুতার চেয়ে ৭১ গোল বেশি করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বুরকিনা ফাসোর বিপক্ষে শুধু গোল করেই থামেননি মার্তিনেস। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর প্রথম আন্তর্জাতিক গোলেও সহায়তা করেছেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ২৩তম মিনিটে তাঁকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। মার্তিনেসের বদলি হিসেবে মাঠে নামেন অভিষিক্ত সান্তিয়াগো কাস্ত্রো।