হোম > খেলা > ফুটবল

শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ। ছবি: বাফুফে

জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে সেই অপেক্ষার পুরস্কারটাও এসেছে দারুণভাবে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের গোলে উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

তাসখন্দে আজ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এই জয়ে বাংলাদেশের সামনে এখন আরও বড় সুযোগ। ফিলিপাইনকে রোববার হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পেয়ে যাবে মূল পর্বে খেলার টিকিট।

দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে শুরুটা দারুণ করে বাংলাদেশ। ম্যাচের ৪ মিনিটেই গোল পেয়ে যায় সাইফুল বারী টিটুর দল। মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের বাড়ানো পাস ডান প্রান্তে থাকা পূর্ণিমা মারমার কাছে পৌঁছালে উজবেকিস্তানের গোলরক্ষক মারিয়া খালকুলোভা গোলবার ছেড়ে এগিয়ে আসেন। পূর্ণিমা তখন বুদ্ধিদীপ্ত চিপে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন মোসাম্মৎ আলমিনা।

লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১৭ মিনিটে নিজেদের বক্সের কাছে আইরিন খাতুনের ভুলের সুযোগ কাজে লাগান লারাঙ্গিজ লাকায়েভা। বল কেড়ে নিয়ে বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানি রায়ের পাশ দিয়ে শট নিয়ে সমতা ফেরান তিনি।

বিরতির পর ম্যাচে ছিল দুই দলেরই সমান লড়াই। আক্রমণে সুযোগ তৈরি হয়েছে দুই প্রান্তেই। বাংলাদেশের হয়ে আলপি আক্তার ডান দিক দিয়ে বল নিয়ে উজবেকিস্তানের বক্সে ঢুকে গোলের চেষ্টা করেছিলেন। তবে তাঁর শট ঠেকিয়ে দেন খালকুলোভা।

ম্যাচ শেষের দিকে যতই এগিয়েছে, উজবেকিস্তানের আক্রমণের তীব্রতাও বেড়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেই চাপই বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করে দেয়। যোগ করা সময়ের ৩ মিনিটে সুরভী রানির থ্রু বল ধরে উজবেক গোলকিপারকে একা পেয়ে যান রুনা। কোনো ভুল না করে দারুণ শটে বল পাঠান জালে। সেই গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

এই হারে উজবেকিস্তানের বাছাইপর্বের আশা শেষ হয়ে গেছে। সোমবার ফিলিপাইনের কাছে ৪–০ গোলে হারের পর বাংলাদেশের বিপক্ষেও হারল তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বাংলাদেশের বাধা এখন ফিলিপাইন। বাছাইপর্বে ৮ গ্রুপের ৮ চ্যাম্পিয়ন পাবে আগামী বছর চীনে মূল পর্বে খেলার টিকিট।