হোম > খেলা > ফুটবল

মেসির শেষ ম্যাচে স্বপ্নের একাদশ সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ

ক্রীড়া ডেস্ক    

শেষ ম্যাচে খেলতে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ছবি: এক্স

আরেকটি যুগের শেষ। বুধবার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। অধিনায়কের বিদায়টা স্মরণীয় করে রাখতে একাদশে কাতার বিশ্বকাপজয়ী দলের পরিচিত মুখগুলোই রাখতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।

মেসির শেষ ম্যাচ বলেই বিশেষভাবে দলে ফিরেছেন রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দি। এই ফিফা উইন্ডোতে দে পলকে দলে রাখা হয়নি। কাতার বিশ্বকাপের পর জাতীয় দল থেকে বিদায় নিয়েছিলেন ওতামেন্দি। কিন্তু মেসির বিদায় বলে কথা—দুজনই বিশেষ অনুরোধে দলে যোগ দিয়েছেন, মূলত শেষবারের মতো সতীর্থকে পাশে থেকে বিদায় জানাতে।

রোববারই এএফএর অনুশীলনকেন্দ্রে দলের সঙ্গে যোগ দিয়েছেন দে পল ও ওতামেন্দি। স্কালোনির পরিকল্পনায় দুজনেরই শুরু থেকে খেলার সম্ভাবনা আছে। দে পল মাঝমাঠে এনসো ফের্নান্দেস ও আলেক্সিস মাক আলিস্তারের সঙ্গে থাকবেন। ওতামেন্দি খেলবেন ক্রিস্তিয়ান রোমেরোর পাশে, লিসান্দ্রো মার্তিনেসের জায়গায়।

ফলে সম্ভাব্য আর্জেন্টিনা একাদশে কাতার বিশ্বকাপের ছাপ থাকছে বেশ স্পষ্ট। গোলপোস্টে এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস। রক্ষণে আগুস্তিন গিয়াই, রোমেরো, ওতামেন্দি ও নিকোলাস তালিয়াফিকো। মাঝমাঠে দে পল, এনসো ও মাক আলিস্তার। আর আক্রমণে মেসির সঙ্গে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।

কাতারের বিশ্বকাপ ফাইনালের অনেক পরিচিত মুখই আছেন। শুধু নাউয়েল মোলিনা থাকছেন না। ফাইনালের পর পাওয়া নিষেধাজ্ঞার কারণে তিনি খেলতে পারছেন না। তাঁর জায়গায় শুরুর একাদশে থাকবেন আগুস্তিন গিয়াই।

মেসির বিদায়ের রাতে আরেক বিশ্বকাপজয়ীকেও পাওয়া যাবে না। আনহেল দি মারিয়া আগেই জাতীয় দলের অধ্যায় শেষ করেছেন। মঙ্গলবার তিনি রোসারিও সেন্ট্রালের হয়ে খেলবেন।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকো তালিয়াফিকো; রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।