ঘরের মাঠে অভিষেক ম্যাচ, গ্যালারিজুড়ে হাজারো দর্শকের গর্জন। এমন মঞ্চেই নিজের জাত চেনালেন ফারহান আলী ওয়াহিদ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪–০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে তাঁর করা গোলটি ছিল চোখে লেগে থাকার মতো। বক্সে ঢোকার মুহূর্তেই ফারহান পরিষ্কার জানতেন, এই জায়গায় ডিফেন্ডাররা তাঁকে স্পর্শ করার সাহস পাবে না।
ম্যাচ শেষে নিজের সেই চোখধাঁধানো গোলটির পেছনের ভাবনা জানাতে গিয়ে ফারহান বলেন, ‘যখনই আমি ওই জায়গাটার দিকে বল পেলাম, ওটাই মূলত আমার খেলার পছন্দের জায়গা যেখানে আমি থাকতে চাই। আমি জানি ডি-বক্সে আমাকে ছোঁয়া যাবে না, আর স্পর্শ করলেই সেটা পেনাল্টি হবে। তাই হ্যাঁ, মাথায় কেবল একটাই ভাবনা ঘুরছিল—মার্কারকে কাটিয়ে শট নেওয়া। আর হ্যাঁ, সেটাই হয়েছে। ঘরের মাটিতে অভিষেকে নিজের প্রথম গোলটি পেয়ে আমি সত্যিই আনন্দিত।’
বাংলাদেশের জার্সিতে এর আগেও গোলের দেখা পেয়েছেন ফারহান। ঘরের মাঠে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। চেনা পরিবেশ আর গ্যালারির বাঁধভাঙা উন্মাদনা তাঁকে মাঠে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। দর্শকদের সমর্থন নিয়ে উচ্ছ্বসিত ফারহান বলেন, ‘সমর্থকেরা অসাধারণ! স্টেডিয়ামের আবহ—সবকিছুই অনেক সাহায্য করেছে। এসব আমাকে ভীষণ অনুপ্রাণিত করে, আত্মবিশ্বাস জোগায় মাঠে নেমে নিজের সেরাটা তুলে ধরতে। আর হ্যাঁ, এখানে থাকতে পেরে আমি সত্যিই খুব খুশি।’
শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশ এখন সাফের সেমিফাইনালে। ১৪ নভেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান। তবে শেষ চারের লড়াইয়ে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ ফারহান। সেমিফাইনালের রোমাঞ্চ নিয়ে তিনি বলেন, ‘তারা বেশ শক্তিশালী দল। আমাদের তাদেরকে কোনোভাবেই খাটো করে দেখা উচিত হবে না, তবে পাশাপাশি আমরাও একটি শক্তিশালী দল। তাই আশা করি এটা দারুণ একটা লড়াই হবে।’