রিয়াল মাদ্রিদে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। দর্শকদের দুয়োধ্বনি তো আছেই। এমনকি রেফারিরাও তাঁকে ছেড়ে দিচ্ছেন না। লাল কার্ড-হলুদ কার্ডের পাশাপাশি পাচ্ছেন নিষেধাজ্ঞাও। কোচ জোসে মরিনিওর মতে ভিনির রিয়ালই ছেড়ে দেওয়া উচিত।
১৪ অক্টোবর রাতে চ্যাম্পিয়নস লিগের রোমা-রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে ভিনির ঘটনা নিয়ে ক্ষুব্ধ মরিনিও। স্বয়ং ভিনিও সেদিন ক্ষোভ ঝেরেছেন। ঘটনার প্রেক্ষাপট যে লা লিগার চার ম্যাচের নিষেধাজ্ঞা, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। আগামীকাল লা লিগায় সেভিয়ার মুখোমুখি হওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন মরিনিও। ভিনিকে নিয়ে রিয়াল কোচ বলেন, ‘আমি যদি তার জায়গায় থাকতাম, তাহলে সম্ভবত এখানে থাকতাম না। গত গ্রীষ্মেই ক্লাব ছাড়তে চাপ দিতাম। এমন কোনো লিগ, দেশ কিংবা জায়গায় চলে যেতাম, যেখানে প্রতিদ্বন্দ্বী ক্লাব ও তাদের সমর্থকরা তাকে সম্মান করে।’
ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে ধরার কারণে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস। গত ১০ অক্টোবর লা লিগার এই ম্যাচে তিনি এমন কাণ্ড করার তিন দিন পর পেয়েছেন শাস্তি। ১৪ অক্টোবর রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে ভিনি পান শাস্তির খবর। শাস্তির চেয়েও বরং সেটা ঘোষণা দিয়ে জানানোর সময় নিয়েই যত কথা।
শুধু চুল টানার ঘটনার শাস্তিই নয়। ভিনিকে নিয়ে বর্ণবাদী মন্তব্যও কম হয়নি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুঃখটা অনুভব করতে পারছেন মরিনিও। রিয়াল কোচ বলেন, ‘কেউই তার জীবনের আনন্দ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, বাজে প্রভাব ফেলতে পারে। কারণ, সে-ও একজন মানুষ। কিন্তু তার বেঁচে থাকার আনন্দ, কাজ করার আনন্দ কিংবা সতীর্থদের সঙ্গে থাকার আনন্দ কেউ কেড়ে নিতে পারবেন না।’
২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে ভিনি প্রতিপক্ষ সমর্থকদের বিদ্রূপ ও আক্রমণের শিকার হয়েছেন অনেকবার। এমনকি তাঁকে ঘিরে হয়েছে অনেক বর্ণবাদী মন্তব্যও। এরই মধ্যে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছেন ভিনি।
শত প্রতিকূল পরিস্থিতির পরও ভিনি যে রিয়াল মাদ্রিদে আছেন, মরিনিও তাই তাঁর (ভিনি) প্রশংসা না করে থাকতে পারেননি। আজ সাংবাদিকদের রিয়াল কোচ বলেন, ‘সে এমনই এক ফুটবলার, যার সঙ্গে সহজেই ভালো সম্পর্ক গড়ে তোলা যায়। সে দারুণ একজন মানুষ। এত কিছুর পরও সে যেভাবে টিকে আছে এবং মুখে হাসি ধরে রেখেছে, সেজন্য তাকে কৃতিত্ব দিতেই হবে। রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা, ক্লাব ও শহরের প্রতি টান এবং পরিস্থিতির উন্নতি হতে পারে—এই বিশ্বাস থেকেই সে নতুন চুক্তি করেছে।’
মরিনিওর আশঙ্কা ছিল ভিনির নিষেধাজ্ঞা বাড়তেও পারে। রিয়াল কোচ বলেন, ‘আমি খুশি যে নিষেধাজ্ঞাটা চার ম্যাচেই সীমাবদ্ধ রয়েছে। আমার মনে হয়েছিল, পর্দার আড়ালে থাকা কিছু ব্যক্তি তাকে আরও এক বা দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেবেন।’ ২০১৮ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আট বছর রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৪ শিরোপা জিতেছেন। যার মধ্যে রয়েছে তিন লা লিগা ও এক চ্যাম্পিয়নস ট্রফি।