হোম > খেলা > ফুটবল

মেসির শেষ ম্যাচের আগে স্কালোনির আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক    

স্কালোনি ও মেসি। ছবি: সংগৃহীত

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলতে নামবেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ম্যাচটিকে তাঁর বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারণ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আবেগ সামলাতে পারছেন না লিওনেল স্কালোনিও। নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে তাঁর। তাই মেসির বিদায়ের মুহূর্তে নিজে উপস্থিত থাকতে চেয়েছেন তিনি। স্কালোনি মনে করেন, এমন একজন খেলোয়াড়কে এখনই সমর্থকদের ভালোবাসা পাওয়ার সুযোগ দেওয়া উচিত।

স্কালোনি বলেন, ‘আমি মনে করি, তার মতো একজন খেলোয়াড় এমন বিদায় পাওয়ারই যোগ্য। আর ব্যক্তিগতভাবে আমিও কিছুটা ভূমিকা রেখেছি, কারণ আমি তার বিদায়ের সময় সেখানে থাকতে চাই। ভবিষ্যতে আমি থাকব কি না, সেটাও এখন জানি না। তাই এই ম্যাচে তাকে রাখার জন্য আমরা চেষ্টা করেছি।’

মেসি কঠিন পরিস্থিতির মধ্যেও সমর্থকদের সামনে এসে বিদায় জানানোর ইচ্ছা দেখিয়েছেন বলে জানান স্কালোনি। তাঁর মতে, তারকা ফরোয়ার্ডের বিদায় জানানোর জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর নাও আসতে পারে।

এই প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমরা জানতাম, সে কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। তারপরও নিজের মানুষদের, তাকে এত ভালোবাসা দেওয়া মানুষদের সামনে এসে বিদায় জানাতে সে যে ইচ্ছা ও চেষ্টা দেখিয়েছে, সেটাই অনেক কিছু। আর যদি তাকে কোনো সম্মাননা বা বিদায়ী সংবর্ধনা দিতেই হয়, তাহলে এখনই দেওয়া উচিত। কারণ পরে সেই জাদুটা হয়তো একই রকম থাকবে না। আমি মনে করি, এখনই তার সবার ভালোবাসা অনুভব করার সময়।’

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন মেসি। লা আলবিসেলেস্তেদের হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। নিজের সবশেষ বিশ্বকাপে আট গোল করেছেন ইতিহাসের ফুটবলারদের একজন।

মেসির সঙ্গে স্কালোনির সম্পর্কও এই বিদায়কে আরও আবেগঘন করে তুলেছে। আর্জেন্টিনার কোচ হিসেবে মেসিকে পাওয়া নিজের ক্যারিয়ারের সেরা অভিজ্ঞতা বলে মনে করেন তিনি, ‘আমার জন্য তাকে কোচিং করাতে পারা ছিল চূড়ান্ত অভিজ্ঞতা। এটা ছিল স্বপ্নের মতো। আমি তাকে সেটা বলেছি এবং সারা জীবন বলে যাব। তার মতো আর কেউ কখনো আসবে না। এমন একজন খেলোয়াড় খুব কমই আসে। শুধু মাঠে সে যা করে তার জন্য নয়, মাঠের বাইরেও সে যা প্রকাশ করে, তার জন্য। এটা উপভোগ করি।’