বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আর্জেন্টিনা। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা দলটি ১৩ মিনিটে তিনটি গোল করে ৩-২ ব্যবধানে হারিয়েছে মিসরকে। রুদ্ধশ্বাস এই প্রত্যাবর্তনের পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আজ আমরা যা করেছি, এই দল অতীতে যা কিছু অর্জন করেছে, তার যেকোনোটির সমান। আমি কেঁদেছি, কারণ আমি খুবই আবেগপ্রবণ মানুষ।’
আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে স্কালোনি বলেন, ‘এই দল কখনোই আর্জেন্টিনার মানুষকে ছেড়ে যাবে না। আমি একজন সমর্থকের মতোই কষ্ট পেয়েছি। কিন্তু আমি তো কোচ, এমন মুহূর্তগুলোকে ভালোবেসেই বাঁচতে হয়।’
নিজের কোচিং স্টাফের সঙ্গে এমন অভিজ্ঞতা নিয়ে প্রায়ই আলোচনা করেন বলেও জানালেন স্কালোনি, ‘আমরা যারা ফুটবলের সঙ্গে জড়িয়ে আছি, তাদের জন্য এই অনুভূতিগুলো অবিশ্বাস্য। রেফারি শেষ বাঁশি না বাজানো পর্যন্ত কোনো ম্যাচই শেষ হয়ে যায় না।’
দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করে আর্জেন্টাইন কোচ বলেন, ‘পরিস্থিতি যত কঠিন হয়, এই খেলোয়াড়রা তত বেশি নিজেদের উজাড় করে দেয়। আমাদের দলে এমন খেলোয়াড় আছে, যারা বিশ্বাস করে—জেতা সম্ভব। আবার এটাও বোঝে যে হারাও সম্ভব। এই উপলব্ধিই তাদের শান্ত রাখে। তারা নিজেদের ওপর বিশ্বাস রাখে।’
স্কালোনির মতে, ফুটবল শুধু কৌশল কিংবা পরিকল্পনার খেলা নয়, এটি হৃদয়েরও খেলা, ‘ফুটবল শুধু কৌশল আর পরিকল্পনার খেলা নয়, এটি হৃদয়েরও খেলা। আমরা সব সময় চ্যালেঞ্জের মুখোমুখি হই। যদি হারতেই হয়, আমি চাই এমন একটি ম্যাচ খেলেই হারতে।”
অধিনায়ক লিওনেল মেসির মানসিকতারও ভূয়সী প্রশংসা করেন স্কালোনি। তিনি বলেন, ‘লিও পেনাল্টি মিস করার পরও হাল ছেড়ে দিতে পারত। কিন্তু সে আবার বল চায়, আবার চেষ্টা করে। এটা ভাবলেই আমার শরীরে কাঁটা দেয়।’